টি–টুয়েন্টিতে সবচেয়ে কম বয়সী অধিনায়কের রেকর্ড সূর্যবংশীর
ইন্দোরে আজ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের অধিনায়ক হিসেবে মাঠে নেমেই রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী। ১৫ বছর ২৩২ দিন বয়সী সূর্যবংশী এখন ছেলেদের টি–টুয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক।
সৌরাষ্ট্রের বিপক্ষে এ ম্যাচে সূর্যবংশী পেছনে ফেলেছেন ক্রোয়েশিয়ার জাখ ভুকুসিচকে। জাগরেবে গত বছর আগস্টে তাঁর গড়া রেকর্ডটি ভাঙেন সূর্যবংশী। সাইপ্রাসের বিপক্ষে সে ম্যাচে ১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়েশিয়ার অধিনায়কত্ব করেন ভুকুসিচ।
এত অল্প বয়সেই বিধ্বংসী ব্যাটিংয়ে টি–টুয়েন্টির দারুণ কিছু রেকর্ড ভেঙে দেওয়া সূর্যবংশী অবশ্য সৌরাষ্ট্রের বিপক্ষে বড় রান পাননি। ১২ বলে ১৮ রানে সৌরাষ্ট্রের পেসার চেতন সাকারিয়ার হাতে ফিরতি ক্যাচ দেন। ভালো করতে পারেনি তাঁর বিহারও। পুরো ২০ ওভার খেলেও ৯ উইকেটে মাত্র ১৩৭ রান তুলতে পারে দলটি। সৌরাষ্ট্র ২১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয়।
সূর্যবংশীর ক্যারিয়ারে এটি আরেকটি মাইলফলক। ভারতের হয়ে টি-টুয়েন্টি অভিষেকের মাত্র পাঁচ মাস এবং জিম্বাবুয়েতে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানোর দশ মাসের কম সময়ের মধ্যে অর্জনটির দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এই ম্যাচের পর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আর মাত্র একটি ম্যাচে খেলতে পারবেন সূর্যবংশী। এরপর ১৯ নভেম্বর থেকে দোহায় শুরু হতে যাওয়া ৫০ ওভারের এসিসি রাইজিং স্টারস ইমার্জিং টুর্নামেন্ট খেলতে ভারত ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন।
ভারতের হয়ে সূর্যবংশী সর্বশেষ খেলেন নিউজিল্যান্ড সফরে। সে সফরে অভিষেক শর্মার সঙ্গে মাত্র ৭.১ ওভারে ১৩৩ রানের উদ্বোধনী জুটি গড়ার পথে ১৯ বলে ৪৫ রান করেছিলেন। ভারতের ৩-২ ব্যবধানে জেতা ওই টি-টুয়েন্টি সিরিজে সব মিলিয়ে দুটি ম্যাচ খেলেন সূর্যবংশী।
আজকের ম্যাচটি বিহারের হয়ে সূর্যবংশীর অষ্টম এবং সব মিলিয়ে ৪৪তম টি-টুয়েন্টি ম্যাচ। এর মধ্যে ২৩ ম্যাচ খেলেছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে। গত নভেম্বরে এসিসি রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে ৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টুয়েন্টিতে সেটি যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।