দক্ষিণ আফ্রিকায় কীভাবে খেলতে হবে, বাংলাদেশের ব্যাটসম্যানদের সেই পরামর্শ দিলেন ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সডি ভিলিয়ার্সের ইনস্টাগ্রাম হ্যান্ডল

অস্ট্রেলিয়া সফর শেষে বাংলাদেশের সামনে এখন দক্ষিণ আফ্রিকা সফর। দুই ম্যাচের টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজে কেমন করতে পারে বাংলাদেশ? এবি ডি ভিলিয়ার্স কিন্তু বাংলাদেশ দলের ভালো করার সম্ভাবনাই দেখছেন বেশি।

সেটার কারণ অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের পারফরম্যান্স। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল হোসেনের দল। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে অবশ্য দুই দিনেই হেরেছে ইনিংস ব্যবধানে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে ১–১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করাটা বাংলাদেশের জন্য দারুণ এক ফল।

ডারউইনে বাংলাদেশ দল জেতার পর দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ডি ভিলিয়ার্স তাঁর ইউটিউব চ্যানেল ‘৩৬০’–তে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে বাংলাদেশ দলের প্রশংসার পাশাপাশি সামনে তাদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও কথা বলেন সাবেক এই ব্যাটসম্যান।

ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা বিশ্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। বল শুধু সুইং করে না, সিমেও মুভ করে। পিচে পড়ার পর মুভ করে। খুব বেশি খেলোয়াড় এতে অভ্যস্ত নয়। তাদের মুখোমুখি হওয়াটা তাই খুব কঠিন।’

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় চমক উপহার দেয় বাংলাদেশ
প্রথম আলো

এমন কন্ডিশনে কীভাবে ব্যাট করতে হবে, সেটাও যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের বলে দিলেন ডি ভিলিয়ার্স। শুনুন তাঁর মুখেই, ‘আমার ব্যক্তিগত কিছু কৌশল আছে। কখনো ক্রিজ থেকে বের হয়ে এসেছি, কখনো–বা স্টাম্প ঢেকে ব্যাট করেছি। আবার কখনো স্টাম্প ছেড়ে দাঁড়িয়েছি। কন্ডিশনটা কেমন মনে হচ্ছে, সেটার ওপর এসব নির্ভর করে।’

ডি ভিলিয়ার্স এরপর স্পষ্ট করেই বলেন, ‘সিমিং কন্ডিশনে এগুলোই (ব্যাটিংয়ের সময়) করতে হবে। সারা দিন শুধু একটি স্টাম্পের ওপর দাঁড়িয়ে থাকা যায় না। সক্রিয় ও উদ্যোগী হতে হবে।’

আরও পড়ুন

সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান মনে করেন, দক্ষিণ আফ্রিকায় ভালো করতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাট করার কৌশল পুরোপুরি পাল্টে ফেলার প্রয়োজন নেই। ছোটখাটো কিছু পরিবর্তন আনার পক্ষে জোর দিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘হুট করে বৈচিত্র্যপূর্ণ শটও খেলতে হবে না। ছোটখাটো কিছু পরিবর্তন আনতে হবে, যাতে বোলার তার পরিকল্পনা পাল্টাতে বাধ্য হয়।’

বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে ডি ভিলিয়ার্স যোগ করেন, ‘বাংলাদেশ দলের প্রতি শুভকামনা। আমার মনে হয়, তাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সিমিং ও বাউন্সি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।’

ম্যাকাই টেস্টে দুই দিনেই হারে বাংলাদেশ
প্রথম আলো

লাইভ চলাকালে পাঠানো খুদে বার্তায় এক দর্শক ডি ভিলিয়ার্সকে বাংলাদেশে এসে ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮টি টি-টুয়েন্টি খেলা ডি ভিলিয়ার্স এর উত্তরে বলেন, ‘ধন্যবাদ। তবে এখন এসব নিয়ে ভাবছি না। আরও অনেক বিষয় নিয়ে ব্যস্ত সময় কাটছে। টিম বাসে ওঠার জন্য এখন প্রস্তুত নই। হয়তো অল্প কিছুদিনের জন্য কনসাল্টিং করা যায়, কিংবা প্রাক্‌-মৌসুমে কয়েকজন ব্যাটসম্যানের সঙ্গে কাজ করা যায়। তবে এখন তিন সন্তানকে রেখে বিশ্বভ্রমণের জন্য প্রস্তুত নই আমি।’

দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ৮ টেস্ট খেলে একটিতেও জেতেনি বাংলাদেশ, হেরেছে সবগুলোতেই। ১২টি ওয়ানডে খেলে জয় মাত্র দুটি। অন্যদিকে চারটি টি-টুয়েন্টি খেলে হেরেছে সব কটিতেই। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর ১০ ডিসেম্বর শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ।

আরও পড়ুন