ভারত–পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে কোন দলের লাভ

২০২৫ সালের সেপ্টেম্বরের পর আজ কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত–পাকিস্তানেররয়টার্স

টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে যে উত্তাপ-উত্তেজনা, তাতে জল ঢেলে দিতে পারে প্রকৃতি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। সর্বশেষ আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে স্টেডিয়াম এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা আছে সাড়ে সাতটার পরও। যার অর্থ, কোনো খেলা ছাড়া অথবা খেলা হলেও ফল হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে। আর সেটা হলে দর্শক তো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই দেখা থেকে বঞ্চিত হবেনই, দল দুটিও ম্যাচ জিতে দুই পয়েন্ট তোলার সুযোগ হারাবে।

শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির কথা জানিয়েছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা ৭০% পর্যন্ত হতে পারে। একটি আভাস অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে ৭টার মধ্যে ৫.১ মিমি বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে তা হালকা ঝিরঝিরে বৃষ্টিতে (৩.৮ মিমি) রূপ নিতে পারে। আর তেমনটা ঘটলে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার অথবা অন্তত ওভার কমিয়ে অনেক ছোট করে আনার সম্ভাবনা প্রবল।

ভারত–পাকিস্তানের আজকের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে
এএফপি

একটি টি-টুয়েন্টি ম্যাচ ফল হওয়ার জন্য দুই দলকে কমপক্ষে পাঁচ ওভার করে খেলতে হয়। এর আগে খেলা বন্ধ হয়ে গেলে বা খেলা একেবারেই শুরু করা না গেলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারত-পাকিস্তানের আজকের ম্যাচটি গ্রুপ পর্বের। এই অংশে কোনো রিজার্ভ ডে নেই।

পণ্ড হলে কোন দলের লাভ

ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের এখন পর্যন্ত যে অবস্থান, তাতে পয়েন্ট ভাগ হলে লাভ আছে দুই দলেরই। ভারত, পাকিস্তান দুই দলই ২টি করে ম্যাচ জিতেছে, পয়েন্ট ৪ করে। একই গ্রুপে থাকা যুক্তরাষ্ট্র ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে, সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস চারে। আর নামিবিয়া ২ ম্যাচে কোনো জয় পায়নি।

‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকা

পয়েন্ট তালিকা বলছে আর মাত্র এক পয়েন্ট পেলেই সুপার এইটে উঠে যাবে ভারত ও পাকিস্তান। কারণ, গ্রুপের বাকি তিন দলের কারোরই ৫ পয়েন্ট পাওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ম্যাচ বাকি ১টি করে, সর্বোচ্চ ৪ পয়েন্ট পর্যন্ত যেতে পারবে তারা। দুই ম্যাচ বাকি থাকা নামিবিয়াও নিতে পারবে সর্বোচ্চ ৪ পয়েন্ট।

যার অর্থ, বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে আজই সুপার এইট নিশ্চিত করে ফেলবে ভারত ও পাকিস্তান। আর যদি খেলা হয়, জয়ী দলই শুধু টিকিট পাবে। অপর দলকে শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। ‘এ’ গ্রুপে ভারতের শেষ ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, পাকিস্তানের নামিবিয়া।

আরও পড়ুন