আফ্রিদির রেকর্ডও কেড়ে নিতে বসেছিলেন সূর্যবংশী

ভারতের জার্সিতে দ্বিতীয় ফিফটি পাওয়ার পর বৈভব সূর্যবংশীবিসিসিআই

তিন দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। ভারতীয় বিস্ময়বালক আজ সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটাকেও হুমকির মুখে ফেলে দিয়েছিলেন। শহীদ আফ্রিদির ৩০ বছরের পুরোনো রেকর্ডটা আপাতত টিকে গেছে ব্র্যাড ইভান্সের নেওয়া অসাধারণ এক ক্যাচের কারণে।

হারারেতে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে ভারতের ইনিংসের ১৫তম ওভারের শেষ বল ছিল সেটি। ৪৮ বলে ৮১ রান তুলে ফেলা সূর্যবংশী ওয়েসলি মাধেভেরের করা প্রায় ওয়াইড হতে যাওয়া বলটিকে তুলে মারেন। মনে হচ্ছিল নো ম্যানস ল্যান্ডে নিরাপদেই পড়তে যাচ্ছে বলটি। কিন্তু ইভান্স ভাবলেন অন্য রকম। লং অফ থেকে অনেকটা দৌড়ে এসে পুরো শরীর শূন্যে ভাসিয়ে সামনে ঝাঁপিয়ে মুঠোবন্দী করলেন বলটিকে। আর তাতেই শেষ হলো সূর্যবংশীর ৮ চার ও ৪ ছক্কার ইনিংসটি।

আজ আর ১৯টি রান পেলেই ১৯৯৬ সালে পাকিস্তানের শহীদ আফ্রিদির গড়া সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটি কেড়ে নিতেন সূর্যবংশী। সেই সুযোগ অবশ্য আরও প্রায় এক বছর থাকছে সূর্যবংশীর। আজ এই বাঁহাতি ওপেনারের বয়স ১৫ বছর ১২১ দিন। ১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ ছক্কায় ওয়ানডে সেঞ্চুরিটা আফ্রিদি পেয়েছিলেন ১৬ বছর ২১৭ দিন বয়সে।

আজ চারটি ছক্কা মেরেছেন সূর্যবংশী
বিসিসিআই

সেঞ্চুরির রেকর্ড না হলেও আজও দুটি রেকর্ড গড়েছেন সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যবংশীর আগে এত কম বয়সে ৮০ ছুঁতে পারেননি অন্য কেউ। সেঞ্চুরির রেকর্ডটা করার পথেই ১৯৯৬ সালে রেকর্ডটা গড়েছিলেন আফ্রিদি।

আরও পড়ুন

সূর্যবংশী আজ ৫০ ছুঁয়েই অন্য রেকর্ডটি গড়েন। বয়স ১৬ হওয়ার আগে আর কারও একাধিক ফিফটি নেই আন্তর্জাতিক ক্রিকেটে। অবশ্য বয়স ১৬ হওয়ার আগে ফিফটিই পেয়েছেন শুধু নেপালের কুশল মাল্লা। যাঁর রেকর্ডই তিন দিন আগে ভেঙেছেন সূর্যবংশী।

রেকর্ডের পর রেকর্ড ভাঙছেন সূর্যবংশী
এএফপি

সূর্যবংশীর ফিফটিতে ভর করেই সিরিজের শেষ ম্যাচটিতে ৫ উইকেটে ১৯২ রান করেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান ঈশান কিষানের। এই প্রতিবেদন লেখার সময় রান তাড়ায় ৬ ওভারে ৩ উইকেটে ৫৩ রান তুলেছে জিম্বাবুয়ে।

প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ জিতে নিয়েছে ভারত।

আরও পড়ুন