চার শর দল যখন এক শয় আটকা
‘পিংক ডে’ ওয়ানডের উদ্দেশ্যটা মহৎ। ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরি এবং এর চিকিৎসায় তহবিল জোগানো হয় এই ম্যাচে। প্রতি মৌসুমে ঘরের মাঠের একটা ম্যাচকে ‘পিংক ডে’ ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে প্রোটিয়া ক্রিকেটারদের পোশাক তো বটেই, দর্শক হতে শুরু আয়োজনের সঙ্গে জড়িত প্রায় সবকিছুতেই গোলাপি রঙের ছোঁয়া বা আবহ রাখার চেষ্টা করা হয় এই দিন। এভাবেই চলছে গত এক দশক।
মহৎ উদ্দেশ্যের এই ‘পিংক ডে’ ওয়ানডেতেই দক্ষিণ আফ্রিকার মাঠের চেহারাটা হয়ে ওঠে ‘নির্মম, নিষ্ঠুর’। অন্তত আগে ব্যাটিংয়ের পরিসংখ্যান বলছে তেমনই। প্রথম ১০ বছরে হওয়া ১১ ম্যাচের মধ্যে সাতটিতে আগে ব্যাট করে গড়ে ৩২৪ রান করে তুলেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে ৪০০ ছাড়ানো ইনিংস আছে একটি, ৩০০ পেরোনো ইনিংস চারটি। দক্ষিণ আফ্রিকার এই রান–প্রসবা ব্যাটিং কিন্তু ভেন্যুর কারণে নয়।
পিংক ডে ওয়ানডের ভেন্যু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের রেকর্ড বলছে, এখানে আগে ব্যাট করা দলগুলোর গড় রান আড়াই শর নিচে (৫৪ ম্যাচে ২৪৭)।
গোলাপি দিনের ওয়ানডেতে বিধ্বংসী হয়ে ওঠা সেই দক্ষিণ আফ্রিকাই কাল ১২তম ম্যাচে ভারতের কাছে স্রেফ বিধ্বস্ত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে গোলাপি পোশাকের প্রোটিয়ারা গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। যা পিংক ডে ওয়ানডেতেই শুধু নয়, দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসেই ঘরের মাঠে সর্বনিম্ন! ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার আগের সর্বনিম্ন ছিল ভারতেরই বিপক্ষে ২০১৮ সালে ১১৮ রান।
প্রোটিয়াদের তাদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট করে দেওয়ার পর ভারত ম্যাচ জিতেছে ৮ উইকেট আর ২০০ বল হাতে রেখে। দুই দল মিলিয়ে খেলা হয়েছে মোটে ৪৪.১ ওভার। টি-টোয়েন্টির চেয়ে অল্প কিছু বেশি বলের ওয়ানডে ম্যাচটিতে চার হয়েছে ২৭টি, ছয় ৫টি। বিশেষভাবে বাউন্ডারির সংখ্যা উল্লেখের একটা কারণ আছে। পিংক ডে ওয়ানডেতে ব্রেস্ট ক্যানসার চিকিৎসার অর্থ তোলা হয় কয়েকটি উপায়ে।
এর মধ্যে আছে টিকিট বিক্রি, স্মারক হিসেবে ব্রেসলেট বিক্রি ও পৃষ্ঠপোষকদের অনুদান। সঙ্গে আরেকটি খাত হচ্ছে বাউন্ডারি। পিংক ডে ওয়ানডেতে যতগুলো চার ও ছয় হয়, সেই অনুপাতে অর্থদান করে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) মূল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। যেমন চলতি বছরের এপ্রিলে নেদারল্যান্ডসের বিপক্ষে হওয়া পিংক ডেতে ৬১টি চারের প্রতিটির জন্য ১০০০ র্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) এবং ১৫টি ছয়ের প্রতিটির জন্য ২০০০ র্যান্ড করে দিয়েছিল বেটওয়ে।
অর্থের জোগান হোক কিংবা দর্শক মাতানো, পিংক ডে–কে সফল করে তুলতে বাউন্ডারির বিশেষ ভূমিকা আছে বলেই এই ম্যাচে প্রোটিয়াদের ব্যাট একটু বেশিই চওড়া থাকে। ২০১৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সের সেই ৩১ বলে শতকের ইনিংসটিও ছিল এমনই এক ম্যাচে। সেদিন ৫০ ওভারে ৪৩৯ রান তোলার পথে এক ভিলিয়ার্স ১৬টি ছয়সহ বাউন্ডারি মেরেছিলেন ২৫টি। হাশিম আমলা আর রাইলি রুশোদের ব্যাট থেকে আসে ২৭ বাউন্ডারি।
এখন পর্যন্ত পিংক ডে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সংগ্রহও আট বছর আগের ম্যাচটিতে। এর বাইরে এ বছর ডাচদের বিপক্ষে ৮ উইকেটে ৩৭০, ২০১৩ সালে প্রথম পিংক ডে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৮ এবং ২০১৫ সালে দ্বিতীয় পিংক ডেতে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ৩৫৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা।
পিংক ডে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার এমন ঝোড়ো ব্যাটিংয়ের ইতিহাসের কারণেই এবার ভারতীয় বোলাররা কিছুটা চিন্তায় ছিলেন।
বিশ্বকাপের পরের প্রথম এই সিরিজে মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজরা নেই। অথচ বিশ্বকাপে প্রতিপক্ষের মনে আতঙ্ক ধরানো দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটিং লাইনআপ ঠিকই আছে। হাইনরিখ ক্লাসেন, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম আর ডেভিড মিলারদের নিয়ে তাই চিন্তা হওয়াটাই স্বাভাবিক অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমারদের। অর্শদীপ এর আগে তিনটি ওয়ানডে খেললেও উইকেটের দেখা পাননি। আর আবেশের অভিজ্ঞতাও মাত্র পাঁচ ওয়ানডের।
এমন অনভিজ্ঞ বোলাররা কীভাবে দক্ষিণ আফ্রিকাকে আটকাবেন, সেসবই ভাবছিলেন ম্যাচের আগের রাতে। ম্যাচের পর অর্শদীপ কোনো রাখঢাক না রেখেই বলেছেন, পিংক ডের আগের ম্যাচগুলোতে প্রোটিয়াদের নির্মম ব্যাটিং কী আতঙ্ক তৈরি করেছিল তাদের মনে, ‘অক্ষর (প্যাটেল), আবেশ আর আমি ডিনারে বসে বলাবলি করছিলাম, গোলাপি জার্সি পরলে দক্ষিণ আফ্রিকা কী ভয়ংকরই না হয়ে ওঠে। কী বড় বড় সব ছয় মারে। আমরা শুধু ভাবছিলাম ওদের কীভাবে চার শর নিচে থামানো যায়।’
কিন্তু ৪০০ বহুদূর, এর চার ভাগের প্রায় এক ভাগেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রতাপশালী ব্যাটিং। অর্শদীপ, আবেশের তোপে ৫২ রানে যায় ৬ উইকেট, যা দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে কম রানে ৬ উইকেটের ঘটনা। এরপর তো ২৭.৩ ওভারে ১১৬ রানেই অলআউট।
নিজেদের ওয়ানডে ইতিহাসের অন্যতম বাজে দুই অস্বস্তিকর রেকর্ডের পর দক্ষিণ আফ্রিকার ‘রঙিন’ পিংক ডেতে এখন ‘ধূসরতা’রও ছাপ।