বাদ পড়ার আগেই কোহলিকে অবসর নেওয়ার পরামর্শ আফ্রিদির

কোহলি-আফ্রিদিছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর নিয়ে তিনি নিজেও কম নাটক করেননি। ক্রিকেটকে বিদায় বলেছেন বেশ কয়েকবার, ফিরেও এসেছেন আবার। বিভিন্ন সময়ে অন্তত পাঁচবার অবসর ও প্রত্যাবর্তনের ঘটনা আছে শহীদ আফ্রিদির ক্যারিয়ারে। এ নিয়ে হাস্যরসও কম হয়নি। এবার সেই আফ্রিদিই অবসর নিয়ে পরামর্শ দিয়েছেন বিরাট কোহলিকে। বলেছেন, বাদ পড়ার আগেই যেন সম্মানের সঙ্গে অবসরে চলে যান কোহলি।

দীর্ঘ সময় ছন্দহীন থাকার পর সদ্য সমাপ্ত এশিয়া কাপ দিয়ে রানে ফিরেছেন কোহলি। ৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৯২ গড়ে রান করেছেন ২৭৬। ২০১৯ সালের নভেম্বরের পর এশিয়া কাপে গিয়ে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা।

৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরির পর বিরাট কোহলি
রয়টার্স

বিশ্বকাপের আগে দলের সেরা ব্যাটসম্যানের রানে ফেরা স্বস্তি দিচ্ছে ভারতীয় দলকেও। এশিয়া কাপে ভারত দেশটির সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও কোহলির ছন্দে ফেরাটা ইতিবাচক মনে করছেন অনেকেই।

এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সের কারণে শুধু ভারতীয়দের কাছ থেকেই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানিদের প্রশংসাও পাচ্ছেন কোহলি। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার তো তাঁকে ‘লৌহমানব’ তকমাও দিয়েছেন।

আরও পড়ুন

এবার পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে কোহলিকে নিয়ে কথা বলেছেন আফ্রিদিও। সাবেক ভারত অধিনায়ককে ‘চ্যাম্পিয়ন’ উল্লেখ করে আফ্রিদি বলেছেন, ‘ক্যারিয়ারের শুরুতে খ্যাতি পাওয়ার আগে বিরাটকে (কোহলি) অনেক লড়াই করতে হয়েছিল। সে একজন চ্যাম্পিয়ন। তবে আমি বিশ্বাস করি, সবার ক্যারিয়ারেই এমন একটা সময় আসে, যখন অবসরের পথে এগিয়ে যেতে হয়। তখন লক্ষ্য হওয়া উচিত, যেন মাথা উঁচু করে যেন বিদায় নেওয়া যায়।’

ক্যারিয়ারে একের পর এক মাইলফলক অর্জনের পথে থাকা কোহলির হঠাৎ করেই ছন্দপতন হয়। একপর্যায়ে তিন সংস্করণেই দেশের অধিনায়কত্ব হারিয়ে ফেলেন। কপিল দেবসহ ভারতের অনেক সাবেক ক্রিকেটার কোহলিকে বাদ দেওয়ার কথাও বলেছিলেন তখন।

ছন্দে ফেরাতে কোহলিকে বিশ্রামও দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশেষে দীর্ঘ সময়ের রানখরা ঘুচিয়ে এশিয়া কাপে দারুণ ব্যাটিং করে সমালোচকদের জবাব দেন কোহলি।

আরও পড়ুন

তবে ছন্দ পাওয়া কোহলিকে এই ভালো সময়টা থাকতে থাকতেই অবসর নিয়ে ভাবার পরামর্শ আফ্রিদির, ‘এমন পর্যায়ে যাওয়া উচিত হবে না, যখন আপনি দল থেকে বাদ পড়ে যাবেন। বরং চূড়ায় থেকেই বিদায় নেওয়া উচিত। যদিও এমনটা খুব কদাচিৎ হয়। খুব কম খেলোয়াড়, বিশেষ করে এশিয়ানদের খুব কম জনই এই সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারেন। তবে আমার মনে হয়, কোহলি যখন অবসর নেবে, ভালোভাবেই নেবে। ব্যক্তিত্ব বজায় রেখেই সে বিদায় নেবে, যেভাবে সে ক্যারিয়ার শুরু করেছিল, ঠিক সেভাবেই।’

আরও পড়ুন