যুব দলের প্রধান কোচ হান্নান, মেন্টর মাহমুদউল্লাহ
২০২০ যুব বিশ্বকাপের সময় বিসিবির জুনিয়র নির্বাচক প্যানেলে ছিলেন হান্নান সরকার। সেই দল সেবার যুব বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছে। পরে তিনি নির্বাচক হন জাতীয় দলেরও। তবে শেষ পর্যন্ত নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিংয়ে নাম লেখান জাতীয় দলের সাবেক এই ওপেনার।
গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনীর কোচ ছিলেন হান্নান, ছিলেন বিপিএলের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচও। এরপর দায়িত্ব পান অনূর্ধ্ব–১৭ দলের প্রধান কোচের। এবার তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ হিসেবে।
হান্নানসহ যুব দলের কোচিং স্টাফের ছয় সদস্যের পাঁচজনই এবার স্থানীয়। পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক পেসার ডলার মাহমুদকে ও ফিল্ডিং কোচ মোহাম্মদ সেলিম। তাঁরা দুজন সর্বশেষ অনূর্ধ্ব–১৯ দলের সঙ্গেও ছিলেন।
মিরপুরে আজ এক সংবাদ সম্মেলনে বিসিবি এই কোচিং প্যানেল ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যুব দলসহ বয়সভিত্তিক ও বিসিবির বিভিন্ন দল এবং এইচপির মেন্টর হিসেবে থাকবেন মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ায় ইমার্জিং ও এইচপি দলের সফরে জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েসকে মেন্টর হিসেবে দলের সঙ্গে রাখা হবে।
যুব দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর হান্নান আজ মিরপুরে সাংবাদিকদের জানিয়েছেন, ভালো ফলাফলের পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতে দৃষ্টি থাকবে তাঁর।
সংবাদ সম্মেলনে অ্যানালিটিকস ল্যাবরেটরি চালুর ঘোষণাও দিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর এই অ্যানালিটিকস ল্যাবরেটরি স্থাপন করা হবে। ল্যাবরেটরিতে অনূর্ধ্ব-১৪ পর্যায় থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত সব খেলোয়াড়ের পারফরম্যান্সের ভিডিও ডেটাবেজ সংরক্ষণ করা হবে।