বাংলাদেশের স্বপ্নের মতো দিন: অস্ট্রেলিয়ায় এমন শুরু কি আর আছে

হাসান মাহমুদশামসুল হক

সকালটা শুরু হয়েছিল রুটিন এক টস দিয়ে। শেষ হলো এমন এক বিকেলে, যা বাংলাদেশ ক্রিকেটের স্মৃতির ভান্ডারে খোদাই হয়ে গেল। কে ভেবেছিল, বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রানেই অলআউট হবে অস্ট্রেলিয়া? আবার দিন শেষে বাংলাদেশ মাত্র ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে ফেলবে, তাই-বা কে ভেবেছিল?

আরও পড়ুন

বাংলাদেশের এমন স্বপ্নের দিনের পর আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সফরকারী দলের প্রথম দিনটা এমন স্বপ্নের মতো গেছে সর্বশেষ কবে?

ইতিহাস ঘাঁটলে এই শতাব্দীতেই এমন উদাহরণ খুঁজে পাওয়া যাবে। তবে প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়েও ভালো করে দিন শেষ করার উদাহরণ খুব বেশি নেই। ক্রিকেট যাঁরা অনুসরণ করেন গভীরভাবে, তাঁদের স্মৃতিতে এই দিনটা এক লহমায় ফিরিয়ে আনবে ২০১০ সালের বক্সিং ডে টেস্টের সেই সকালকে।

অস্ট্রেলিয়াকে অলআউট করে ফেরার পথে নেতৃত্ব দিলেন হাসান মাহমুদ। স্মারক হিসেবে বলটি তাঁর হাতে
শামসুল হক

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যান্ড্রু স্ট্রাউস টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন। ক্রিস ট্রেমলেট আর জেমস অ্যান্ডারসনের তোপে অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৮ রানে—মেলবোর্নে তাদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।

তারপর অ্যালিস্টার কুক আর স্ট্রাউস মিলে প্রথম দিনেই তুলে ফেলেন ১৫৭ রান, একটি উইকেটও না হারিয়ে। সেই টেস্ট শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া হেরেছিল ইনিংস ও ১৫৭ রানে।

দুটো দিনের মধ্যে মিল শুধু সংখ্যায় নয়—চরিত্রেও। দুবারই প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া বিধ্বস্ত হয়ে দিনের মধ্যে অলআউট, আর প্রতিপক্ষ দল সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে গেঁথেছে আত্মবিশ্বাসের প্রথম ইট।

এই শতাব্দীতে এমন উদাহরণ আছে আরও। ২০১৬ হোবার্ট টেস্টে শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম দিনেই অলআউট হয়ে গিয়েছিল ৮৫ রানে। ১৭১ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। পরে সফরকারীরা ম্যাচটা জিতেছিল ইনিংস ও ৮০ রানে।

চার বছর পর ২০২০ সালে মেলবোর্নে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম দিনেই অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ১৯৫ রানে। ৩৬ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারত। পরে ভারত ম্যাচটা জিতেছিল ৮ উইকেটে।

বাংলাদেশ আপাতত ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে প্রেরণা নিতে পারে। এই দলগুলো শুধু শুরুটাই নয়, শেষটাও ভালো করেছিল। আর কে না জানে, শেষ ভালো যার, সব ভালো তার!