‘পুরোনো ধাঁচের, ধৈর্য ধরা টেস্ট খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ’
ডারউইন টেস্টের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময়ই অস্ট্রেলিয়ার ওপর দাপট দেখিয়েছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পেয়ে গেছে জয়ও। এ নিয়ে একরকম তোলপাড়ই সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ায়।
কেউ কেউ তো অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের কথাও বলছেন। এ নিয়েই ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ভারতের টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি। সেখানে ডারউইনে ম্যাচ জেতার জন্য বাংলাদেশকেই কৃতিত্ব দিয়েছেন সাবেক এই পেসার।
গিলেস্পি বলেছেন, ‘প্যাট কামিন্সের অধিনায়কত্ব ঠিকঠাকই ছিল, কিন্তু অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ভালো ব্যাট করতে পারেনি। পুরো ম্যাচেই বাংলাদেশ তাদের চেয়ে ভালো খেলেছে। তারা পুরোনো ধাঁচের, ধৈর্যশীল টেস্ট ক্রিকেট খেলেছে।’
প্রথম টেস্টের একাদশে থাকা ক্রিকেটারদের মধ্যে কেবল ক্যামেরন গ্রিন ছাড়া সবাই ছিলেন ত্রিশোর্ধ্ব। দেশটির ইতিহাসের অন্যতম বয়স্ক একাদশ নিয়ে ডারউইনে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। এই ক্রিকেটারদের বিকল্প হিসেবে তরুণ ক্রিকেটারদের খোঁজার দাবি তুলেছেন কেউ কেউ।
গিলেস্পিও মনে করেন তেমনই, ‘ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়া দারুণভাবে ঘুরে দাঁড়াবে। তবে এই দলের সবার বয়স হয়েছে, আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে নির্বাচকদের নতুন খেলোয়াড় দলে আনতে হবে। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া শক্তভাবে ঘুরে দাঁড়াবে। ম্যাকাইয়ের উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো হবে।’
অস্ট্রেলিয়ার তিন পেসার প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজলউড খেলেছিলেন প্রথম টেস্টে। তাঁদের তিনজনের সবারই টেস্টে তিন শর বেশি উইকেট আছে। কিন্তু এমন বোলিং আক্রমণের বিরুদ্ধেও প্রথম ইনিংসে ৪২৬ রান করে বাংলাদেশ। ম্যাচেও তারা বেশ পিছিয়ে পড়ে সেখানে।
তবে গিলেস্পি বলেছেন, ‘(অস্ট্রেলিয়ার পেসাররা) তারা দুর্দান্ত ছিল। আমার মনে হয় প্রথম টেস্টে তারা বেশ ভালো বোলিং করেছে। কিন্তু বাংলাদেশ সত্যিই খুব, খুব ভালো ব্যাটিং করেছে। তারা যদি আবারও একইভাবে বোলিং করতে পারে, তাহলে বাংলাদেশের বিপক্ষে আরও ভালো করার সুযোগ থাকবে।’