সূর্যবংশী আইপিএলে খেলায় ‘শিশুশ্রম আইন লঙ্ঘনে’র অভিযোগ সমাজকর্মীর

রাজস্থান রয়্যালসের ক্রিকেটার বৈভব সূর্যবংশীবিসিসিআই

আইপিএলে চার-ছক্কার ফোয়ারা ছুটিয়ে নিয়মিত সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছেন বৈভব সূর্যবংশী। তবে মাঠের সাফল্য ছাপিয়ে ১৫ বছর বয়সী সূর্যবংশীকে নিয়ে তৈরি হয়েছে এক বিতর্ক। আইপিএলে সূর্যবংশীর খেলা নিয়ে আপত্তি তুলেছেন কর্ণাটকের এক সমাজকর্মী। তাঁর দাবি, এত অল্প বয়সে এ ধরনের বাণিজ্যিক টুর্নামেন্টে খেলা আসলে ‘শিশুশ্রম’-এর নামান্তর।

সমাজকর্মী সি এম শিবকুমার নায়েক বিষয়টি নিয়ে এফআইআর করার আবেদন জানিয়ে অভিযোগ করেছেন যে এত অল্প বয়সে একজন কিশোরকে এমন উচ্চপর্যায়ের পেশাদার লিগে খেলার সুযোগ দেওয়া আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। এ নিয়ে তাঁর একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ভিডিওতে সি এম শিবকুমার নায়েককে বলতে শোনা যায়, পেশাদার ক্রিকেট–ব্যবস্থার মাধ্যমে কিশোর সূর্যবংশীকে ‘শোষণ’ করা হচ্ছে। শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তিনি সূর্যবংশীর দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে থানায় অভিযোগ বা আইনি ব্যবস্থা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

ভিডিওতে শিবকুমার বলেন, ‘রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী কিশোর বৈভব সূর্যবংশীকে শোষণ করা হচ্ছে। সে কেবলই এক শিশু, বয়স মাত্র ১৫। এই বয়সেই তাকে আইপিএলের মতো পেশাদার ক্রিকেটে নিয়ে আসা হয়েছে। এটি শিশুশ্রম ছাড়া আর কিছুই নয়।’

আরও পড়ুন

শিবকুমার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত বড় একটি লিগে তারা একজন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে কীভাবে খেলাতে পারে? এই অল্প বয়সে ক্রিকেট খেলার বদলে তার উচিত পড়াশোনা করা, স্কুলে যাওয়া এবং নিজের শিক্ষা সম্পন্ন করা।’ শিবকুমার আরও দাবি করেন, এই বয়সে সূর্যবংশীকে এমন পর্যায়ের প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেওয়া দেশের তরুণ প্রজন্মের জন্য ‘খুবই খারাপ একটি নজির’ তৈরি করছে।

নিজের অবস্থান স্পষ্ট করে শিবকুমার যোগ করেন, ‘আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের দায়ে আমি রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ বা আইনি ব্যবস্থা নেব। এই ছেলেকে আইপিএল খেলতে দেবেন না, এটি শিশুশ্রম; তার পড়াশোনা করা উচিত।’

আইপিএলে দারুণ খেলছেন সূর্যবংশী
রাজস্থান রয়্যালস

আইপিএলে এবারসহ গত দুই মৌসুম ধরে সূর্যবংশী আলোচনার মধ্যমণি। ২০২৫ সালের এপ্রিলে মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে তাঁর এ টুর্নামেন্টে অভিষেক। এর পর থেকেই বিধ্বংসী ব্যাটিংয়ে নিয়মিত রেকর্ড বই ওলট-পালট করে নিজের জাত চেনাচ্ছেন। ২০২৫ ও ২০২৬ আইপিএলের দুই আসর মিলিয়ে ১৭ ম্যাচে সূর্যবংশীর সংগ্রহ ৬৫৬ রান। ৩৮.৫৯ গড় আর স্ট্রাইক রেট ২২৪.৬৬! এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।

আরও পড়ুন

২০২৫ আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েন। মাত্র ৩৫ বলে করা সেই সেঞ্চুরিটি ছিল আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম তিন অঙ্কের ইনিংস।

সাফল্যের সেই ধারা ২০২৬ আইপিএলেও ধরে রেখেছেন সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৭ বলে ১০৩ রানের আরেকটি বিধ্বংসী ইনিংস খেলেছেন এই বাঁহাতি।

আইপিএলের বাইরে চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আলো ছড়ান সূর্যবংশী। ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৮০ বলে ১৭৫ রানের দানবীয় ইনিংস খেলে ভারতকে শিরোপা জেতান। সূর্যবংশী নিজে জেতেন টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার। এ ছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে কম বয়সে লিস্ট ‘এ’ সেঞ্চুরি এবং বিহারের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৫০ রানের ইনিংস খেলার রেকর্ডও এখন সূর্যবংশীর দখলে।

নিয়মে যা বলা আছে

২০২০ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের জন্য সর্বনিম্ন বয়সের নিয়ম চালু করে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থার নিয়ম অনুযায়ী, পুরুষ ও নারী ক্রিকেটের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটেও অংশ নিতে হলে কোনো খেলোয়াড়ের বয়স অন্তত ১৫ বছর হতে হবে।

আইসিসি তাদের অফিসিয়াল বিবৃতিতে তখন জানিয়েছিল, ‘খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করতে বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনিম্ন বয়সের এই বিধিনিষেধ অনুমোদন করেছে।’

আইসিসির যেকোনো টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।

তবে এ নিয়ম শুধু আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রযোজ্য। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ক্ষেত্রে আইসিসির এই নীতিমালা বাধ্যতামূলক নয়।