বিশ্ব রেকর্ডের লক্ষ্য দিয়েও ‘একটুর আক্ষেপ’ বাংলাদেশের, পাকিস্তান বলছে ‘সবই সম্ভব’

মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশপ্রথম আলো

সিলেট টেস্টটা জিততে হলে এখন পাকিস্তানকে রেকর্ড বইয়ে ওলটপালট করতে হবে। নিজেদের ইতিহাস তো দূর, টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসেই কখনো ৪৩৬ রান তাড়া করে জেতার ঘটনা নেই। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ৪১৮ রান করেছিল ইংল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া যে তিনবার টেস্টে চার শর বেশি রান তাড়া হয়েছে, সেগুলোর সর্বশেষ ঘটনাটিও ১৮ বছর আগের। এমন পরিস্থিতিতে বোলিং দলের নির্ভার হওয়ার কথা থাকলেও বাংলাদেশ তা নয়।

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলাম বললেন, ‘আরও একটু লম্বা করতে পারলে হয়তো দলের জন্য ভালো হতো। কারণ, উইকেট এখনো (ব্যাটিংয়ের জন্য) ভালো। আমরা যদি আরও কিছু জুটি গড়তে পারতাম, হয়তো ভালো হতো।’

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে মুশফিকুর রহিমই বাংলাদেশের লিডটা ৪০০ পার করে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। তবু শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর তাঁকে হতাশই দেখা গেছে। বাউন্ডারি লাইন পার করে হতাশায় হেলমেটও ছুড়ে মেরেছেন ১৩৭ রান করা মুশফিক। সেটি কি আরও কিছু রান করতে না পারার কারণে?
তাইজুল উত্তরে বলেছেন, ‘আমরা যদি স্কোরবোর্ডে আরও ২০-৩০-৪০ রান যোগ করতে পারতাম হয়তো দলের জন্য ভালো হতো। এখানে হতাশার কিছু নেই। কারণ, সব সময় যে ১০০% (চাওয়ামতো) হবে, এমনটাও নয়।’

মুশফিকের সঙ্গে ৭৭ রানের জুটির পথে ২২ রান করেন তাইজুল ইসলাম
প্রথম আলো

যেহেতু বাংলাদেশ স্কোরবোর্ডে কিছু রান কম হয়েছে মনে করছে, চ্যালেঞ্জটা তাই বোলারদেরই বেশি। তাইজুলও তাঁদের একজন। নিজেদের ঠিকঠাক বোলিং করতে হবে, তা মনে করালেও এই বাঁহাতি স্পিনার আবার এটাও বলেছেন, কাজটা সহজ হবে না পাকিস্তানের জন্যও, ‘এটা চতুর্থ ইনিংস। উইকেট এখনো ভালো আছে। কিন্তু দিন শেষে আমাদের লক্ষ্যটা (কত) দেখতে হবে। তারা যখন (কত রানের লক্ষ্য এই) সংখ্যাটা দেখবে হয়তো মাথায় অনেক কিছু কাজ করতে পারে। উইকেট যে রকম ভালো আছে, সে রকম আমাদেরও শৃঙ্খলা মেনে বোলিং করতে হবে।’

আরও পড়ুন

পাকিস্তান তাদের ইতিহাসে কখনো ৪০০–এর বেশি রান তাড়া করে জিততে পারেনি। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭৭ রান তাড়াই তাদের ইতিহাসে সর্বোচ্চ। এখন সেই রেকর্ড ভাঙতে তো হবেই, গড়তে হবে নতুন বিশ্ব রেকর্ড। আজ ২ ওভার খেলে কোনো রান হারিয়ে শূন্য রান করা পাকিস্তান কতটা আত্মবিশ্বাসী?

এমন প্রশ্নের উত্তরে পাকিস্তানের হয়ে সংবাদ সম্মেলনে আসা উমর গুল যা বললেন, তাতে আশাবাদের ছাপই বেশি, ‘এখনো দুই দিন আছে, যদিও বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু আমরা মানসিকভাবে তৈরি যে যথেষ্ট সময় হাতে আছে। আমরা যদি পুরোটা সময় ব্যাট করতে পারি, তাহলে জেতার সুযোগ আছে। আমরা ড্র করতে চাইছি না। আমরা রান তাড়ার জন্য প্রস্তুত আছি।’

সে জন্য দলের ব্যাটসম্যানদের কী করতে হবে, তা–ও বলে গেছেন এই পেস বোলিং কোচ গুল, ‘দুই–তিনটা ভালো জুটি গুরুত্বপূর্ণ। ৪৩৭ রান তাড়া করতে আপনাকে সাহসী হতে হবে আর ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ক্রিকেটে সবকিছুই সম্ভব, দুই দলেরই সম্ভাবনা আছে।’

আরও পড়ুন