বাংলাদেশ–আফগানিস্তান টেস্টে সেরা পারফর্মার কারা

আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি আছে মুমিনুলেরবিসিবি

বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের টেস্ট ইতিহাস খুব বেশি পুরোনো নয়। দুই দল প্রথমবার টেস্টে মুখোমুখি হয় ২০১৯ সালে। এরপর ২০২৩ সালে খেলে দ্বিতীয় টেস্ট। আজ আবুধাবিতে শুরু হবে দুই দলের মধ্যে তৃতীয় টেস্ট। আগের দুটি ম্যাচে ব্যাটে-বলে সেরা ছিলেন কারা?

ব্যাটিংয়ে সবার ওপরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন। ২০২৩ সালে দুই দলের সর্বশেষ টেস্টে জোড়া সেঞ্চুরি করেন। সেই এক ম্যাচেই করেন ২৭০ রান। এই সংস্করণে দুই দলের মুখোমুখিতে এখন পর্যন্ত নাজমুলই সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১৯ সালের প্রথম টেস্টের অবশ্য দলে ছিলেন না নাজমুল।

তালিকায় দ্বিতীয় মুমিনুল হক। দুই টেস্টেই খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান করেছেন ১৯১ রান। ২০২৩ সালের সেই ম্যাচে নাজমুলের জোড়া সেঞ্চুরির সঙ্গে মুমিনুলও পেয়েছিলেন সেঞ্চুরি। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ পাঁচে থাকা বাকি তিনজনই আফগানিস্তানের—আসগর আফগান, রহমত শাহ ও আফসার জাজাই।

প্রথম আলো গ্রাফিকস

বোলিংয়ে সবার ওপরে আফগানিস্তানের রশিদ খান। ২০১৯ সালে দুই দলের প্রথম টেস্টে ১১ উইকেট নেন। পরের টেস্টে দলে ছিলেন না রশিদ। এবারও নেই এই লেগ স্পিনার।

আরও পড়ুন

বোলারদের তালিকায় দ্বিতীয় বাংলাদেশের তাইজুল ইসলাম। দুই টেস্ট খেলে তাঁর শিকার ৮ উইকেট। তৃতীয় মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। শীর্ষ পাঁচে থাকা বাকি দুই বোলার আফগানিস্তানের জহির খান ও বাংলাদেশের ইবাদত হোসেন।

প্রথম আলো গ্রাফিকস

আফগানিস্তানের বিপক্ষে আগের দুটি টেস্টই বাংলাদেশ খেলেছে দেশের মাটিতে। ২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। চার বছর পর সেই হারের জবাব দেয় বাংলাদেশ। ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানকে হারায় ৫৪৬ রানের বিশাল ব্যবধানে।

আরও পড়ুন