টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৪ জন, নেই নিউজিল্যান্ডের কেউ
টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা নামার পর এবার টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রত্যাশিতভাবেই এই দলে রাজত্ব বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের। তবে রানার্সআপ নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারের জায়গা না পাওয়াটাও বড় বিস্ময়ের।
শিরোপাজয়ী ভারতীয় দল থেকে একাদশে জায়গা পেয়েছেন সর্বোচ্চ চারজন—যশপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সঞ্জু স্যামসন যেন ব্যাটে আগুন ঝরিয়েছেন। শেষ তিন ম্যাচে তাঁর তিনটি ফিফটিই বড় ভূমিকা রেখেছে দলের জয়ে। অন্যদিকে, বল হাতে যশপ্রীত বুমরা ছিলেন ব্যাটসম্যানদের কাছে এক মূর্তিমান আতঙ্ক। ফাইনালে মাত্র ১৫ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। পুরো আসরে ওভারপ্রতি মাত্র ৬.২১ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন এই পেসার। ঈশান কিষান তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে এবং হার্দিক পান্ডিয়া অলরাউন্ড নৈপুণ্যে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন।
ওপেনিংয়ে স্যামসনের সঙ্গী পাকিস্তানের সাহিবজাদা ফারহান। এক আসরে জোড়া সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। ৬ ইনিংসে ৭৬.৬০ গড় আর ১৬০-এর ওপর স্ট্রাইক রেটে করেছেন রেকর্ড ৩৮৩ রান। অন্যদিকে স্যামসন ৫ ইনিংসে প্রায় ২০০ স্ট্রাইক রেটে করেছেন ৩২১ রান।
সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন দুজন করে। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের ব্যাট থেকে এসেছে ২৮৬ রান, আর পেসার লুঙ্গি এনগিডি নিয়েছেন ১২ উইকেট। অন্যদিকে ইংলিশ সেনসেশন উইল জ্যাকস চার ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড়। লেগ স্পিনার আদিল রশিদ নিয়েছেন ১৩ উইকেট।
অলরাউন্ডার কোটায় জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ জেসন হোল্ডার। আর জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি তাঁর গতি আর সুইংয়ে নজর কেড়েছেন বিচারকদের। দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে আছেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শালকভিক।
টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ
সাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, এইডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, যশপ্রীত বুমরা, লুঙ্গি এনগিডি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি।
দ্বাদশ খেলোয়াড়: শ্যাডলি ফন শালকভিক।