গলে সুতারের ১০ উইকেটে ৬০০তম টেস্টে জয় পেল ভারত
ভারতের ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গলে আজ পঞ্চম ও শেষ দিনে সকালের সেশনেও শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ১৭৫। কিন্তু দ্বিতীয় সেশনে ১৬ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে ভারতের কাছে ১৬৫ রানে হেরেছে শ্রীলঙ্কা।
৪ উইকেটে ৮৪ রানে আজ শেষ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে ৭৫ ওভার শেষেও ৬ উইকেটে ১৯৯ রান ছিল স্বাগতিকদের। পরের ওভারে বাঁহাতি স্পিনার মানভ সুতার একাই নেন ৩ উইকেট।
প্রথম দুই বলেই প্রবাত জয়াসুরিয়া ও সোনাল দিনুশাকে ফেরান। শেষ বলে তুলে নেন লাহিরু কুমারাকে। সুতার তাঁর পরের ওভারে চতুর্থ বলে কেশারা নুয়ানথাকেও আউট করলে ২০৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এটা ছিল ভারতের ৬০০তম টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে এগিয়েও গেল শুবমান গিলের দল।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শেষে ১৭ উইকেট হয়ে গেল সুতারের। গত জুনে চন্ডিগড়ে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন। গলে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিলেন ৬ উইকেট। সব মিলিয়ে এই টেস্টে নিলেন ১০ উইকেট, ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট।
আগের দিন ২৫ রানে অপরাজিত থাকা সোনাল দিনুশা আজ লড়াই করেন। ৫৯ রান করা ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৯৫ রানের জুটি গড়েন পঞ্চম উইকেটে। ধনঞ্জয়া আউট হওয়ার পর সপ্তম উইকেটে নুয়ানথাকে নিয়ে ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যান দিনুশা। ৪৩ রানের জুটি গড়ে দিনুশার আউট হওয়ার মধ্য দিয়ে ১৬ বলের মধ্যে অলআউট হওয়ার শুরুটা হয় শ্রীলঙ্কা। সুতারের বলে লেগ স্লিপে ক্যাচ দেওয়ার আগে ৮৪ রান করেন।
ঘরের বাইরে ভারতের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে ১০ উইকেট নিলেন সুতার। তাঁকে নিয়ে ভারতের অধিনায়ক শুবমান গিল জয়ের পর বলেন, ‘সে দুর্দান্ত বোলিং করছে, ভারতে খেলা প্রথম ম্যাচে এবং এ ম্যাচেও তাকে দারুণ সম্ভাবনাময় খেলোয়াড় মনে হয়েছে—যে দীর্ঘ সময় ধরে ভারতের হয়ে খেলতে পারে।’ ভারতের ৬০০তম টেস্টে জয় নিয়ে শুবমানের প্রতিক্রিয়া, ‘খুবই সন্তুষ্টির জয়।’
বয়সে তরুণ খেলোয়াড় নিয়ে ভারতের এই টেস্ট জয় স্বস্তিরও। ঘরের মাঠে স্পিনবান্ধব উইকেটে সর্বশেষ তিনটি সিরিজের মধ্যে দুটিতেই হেরেছিল ভারত। শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা দাঁড়িয়ে ভারতের ঠিক বিপরীতে। হারের পর তাঁর প্রতিক্রিয়া, ‘গলে চতুর্থ ইনিংসে ব্যাট করা সহজ নয়। রাহুল ও পাড়িক্কাল ভালো শুরুকে বড় ইনিংসে রূপান্তর করে চাপ সৃষ্টি করেছে।'
টস কোনো ভূমিকা রেখেছিল কি না, প্রশ্নে ধনঞ্জয়া বলেন, ‘হতে পারে। তারা টস জিতে রান তুলেছে আর আমাদের ব্যাটিংয়ে উইকেট হারিয়েছি এবং সেখান থেকেই সবকিছু পতনের দিকে গেছে।’