বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম

মিকি আর্থারের সঙ্গে বাবর আজমএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে সব সময় স্তুতিতেই ভাসান সবাই। ড্রেসিংরুমে বসা কোচরাও ব্যতিক্রম নন। কিন্তু বাবর আজমের ক্ষেত্রে একবার ঘটেছিল উল্টো। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার তাঁকে বকাঝকা করেছিলেন। তাতে বাবর এতটাই অভিমান করেছিলেন যে পরের এক সপ্তাহ কোচের সঙ্গে কোনো কথাই বলেননি।

ইংল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি করার পরের সেই ঘটনার স্মৃতিচারণা সম্প্রতি ‘দ্য সুপার ওভার’ পডকাস্টে করেছেন পাকিস্তানের সে সময়ের প্রধান কোচ মিকি আর্থার।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলে কাজ করার সময় বাবরের সঙ্গে আর্থারের সম্পর্ক ভালোই ছিল। সে কারণেই সেঞ্চুরির পর কোচের সমালোচনা বাবর সহজভাবে নিতে পারেননি বলে জানিয়েছেন আর্থার।

২০১৯ সালের ১৭ মের ম্যাচটি ছিল ইংল্যান্ড–পাকিস্তান সিরিজের চতুর্থ ওয়ানডে। ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৪০ রান করেছিল পাকিস্তান। বাবর করেছিলেন ১১২ বলে ১১৫। রান তাড়ায় ৩৪১ রান করে ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড।

বাবরের সেঞ্চুরির পরও আর্থারের অসন্তুষ্টির কারণ ছিল ইনিংসের একটি নির্দিষ্ট সময়। ৯০ থেকে ১০০ রানে পৌঁছাতে বাবর খেলেছিলেন ১৫ বল। অথচ সেঞ্চুরি করার পরের দুই বলেই মেরেছিলেন দুটি ছক্কা।

কয়েক বছর ধরে সেরা ছন্দে নেই বাবর আজম
এএফপি

সেদিনের স্মৃতিচারণা করে আর্থার বলেন, ‘ট্রেন্ট ব্রিজে আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম। এরপর সে এক সপ্তাহ আমার সঙ্গে কথা বলেনি। অথচ বাবর আর আমার সম্পর্ক খুব ভালো ছিল।’ বাবরের ব্যাটিংয়ের গতি নিয়ে কেন প্রশ্ন তুলেছিলেন, সেটিও ব্যাখ্যা করেছেন আর্থার। তাঁর মতে, সেঞ্চুরির পথে ওই ১৫ বলে আরও দ্রুত রান তুলতে পারলে পাকিস্তানের জয়ের সম্ভাবনা তৈরি হতো।

আরও পড়ুন

পাকিস্তানের সাবেক এই কোচ বলেন, ‘ও যদি ৭৮ বলে ৯০ রান করার পর আরও ৫ বলে সেঞ্চুরি করতে পারত, তাহলে আমরা আরও ১০ বল পেতাম। সেই ১০ বলে হয়তো আরও ১৫ রান করতে পারতাম, ম্যাচটাও সহজে জিততাম। আমার মতে, ওই সময়টাতেই আমরা ম্যাচটা হেরেছি।’

ড্রেসিংরুমে বাবরের সমালোচনা করায় অন্যদের কাছ থেকেও সমর্থন পাননি আর্থার। বরং সতীর্থরা তাঁকে বলেছিলেন, ‘বাবরকে তুমি এভাবে বলতে পারো না, ও তো সেঞ্চুরি করেছে।’

তবে বাবরের ওপর সেই সমালোচনার প্রভাব যে ইতিবাচক হয়েছিল, সেটিও মনে করেন আর্থার। ওই বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের একটি ইনিংস এখনো তাঁর মনে আছে। ২০১৯ সালের ২৬ জুন এজবাস্টনে ১২৬ বলে অপরাজিত ১০১ রান করে পাকিস্তানকে ৬ উইকেটের জয় এনে দিয়েছিলেন বাবর। ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। সেই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশাও বাঁচিয়ে রেখেছিল পাকিস্তান। আর্থার বলেন, ‘ওই ইনিংসের কথা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়।’

আরও পড়ুন