আফ্রিদির দাবি, বাবরকে বাদ দেওয়া হয়নি
পাকিস্তান আগামীকাল নতুন একটা অভিজ্ঞতার সাক্ষীই হবে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রথম তিন ব্যাটসম্যানেরই অভিষেক হবে। শাহিবজাদা ফারহান–মাজ সাদাকাতের ওপেনিং জুটির পর তিনে নামবেন শামিল হোসেন। অবশ্য এমন পরিস্থিতি যে হবে, তা আঁচ করা যাচ্ছিল দল ঘোষণার পর থেকেই।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য পাকিস্তান দলে ওয়ানডে অভিষেক হয়নি, এমন খেলোয়াড় ছয়জন। এর মধ্যে চারজন খেলেননি আন্তর্জাতিক ক্রিকেটেই। এই সিরিজে তারা খেলতেই এসেছে তরুণ এক দল নিয়ে। যদিও সিরিজ শুরুর আগের দিন তিন ব্যাটসম্যানের অভিষেক নিয়ে রোমাঞ্চের কথাই বলেছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আশা করি, তারা নিজেদের খেলাটা খেলতে পারবে ও সামর্থ্যটা দেখাবে। দল হিসেবেও আমরা রোমাঞ্চিত তাদের পাকিস্তানের হয়ে খেলতে দেখতে। শুধু একটা সিরিজের জন্যই নয়, ভবিষ্যতের জন্যও।’
বাংলাদেশের বিপক্ষে বাবর আজম–সাইম আইয়ুবের মতো অভিজ্ঞ ক্রিকেটারদেরও দলে নেয়নি পাকিস্তান। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি ছিল বাবরের। তারপরও বাবর আজম কীভাবে ওয়ানডে দল থেকে বাদ পড়েন, তা একটা বিস্ময়।
আসল ঘটনা যা–ই হোক, শাহিন শাহ আফ্রিদি অবশ্য দাবি করলেন বাবর আজমকে নাকি বাদ দেওয়া হয়নি। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘দেখুন, কেউই এই সিরিজ থেকে বাদ পড়েনি। আমরা কেবল তরুণদের সুযোগ করে দিতে চেয়েছি, তারা আমাদের ভবিষ্যৎও। আমরা বাংলাদেশ সিরিজে তাদের সুযোগ করে দিতে চাই। তারা তাদের ভূমিকা সম্পর্কে জানবে, ভবিষ্যতে কী করতে হবে, সেটাও। আমাদের তো দলকে বিশ্বকাপের জন্য তৈরি করতে হবে।’
ওয়ানডেতে গত বছরটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর ধবলধোলাই হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। তবে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে সর্বশেষ দুই সিরিজে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কাকে তো ধবলধোলাই–ই করেছে।
এসব প্রসঙ্গ এসেছে আফ্রিদির কথাতেও, ‘বাংলাদেশ ঘরের মাঠে ভালো দল। তারা ভালো ক্রিকেট খেলেছে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। দল হিসেবে আমরাও প্রস্তুত। শেষ দুটি সিরিজ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি। আমরাও ভালো খেলেছি, সেটা ধরে রাখতে হবে।’