এখন থেকে ৭ নম্বরে ব্যাটিং করবেন মিরাজ

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজশামসুল হক

ওপেনিং থেকে একেবারে ৯ নম্বর পর্যন্ত—ওয়ানডেতে বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করেছেন সব জায়গাতেই। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ খেলেছেন আট নম্বরে। এই জায়গাতে নেমে সেঞ্চুরিও আছে তাঁর। বিভিন্ন সময় অধিনায়কদের চাওয়ায় ব্যাটিং অর্ডারে রদবদল হয়েছে মিরাজের।

এক বছর ধরে মিরাজ নিজেই ওয়ানডে অধিনায়ক। তবু ব্যাটিং অর্ডারে কোনো নির্দিষ্ট জায়গা নেই তাঁর। সর্বশেষ পাঁচ ম্যাচে তিনি ব্যাট করেছেন তিনটি ভিন্ন জায়গায়। তবে এ বছর ২২ ওয়ানডের লম্বা যাত্রায় ব্যাটিংয়ে নিজের ভূমিকা ঠিক করে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

আমি টপ অর্ডারেও ব্যাটিং করেছি অনেক, হয়তো অনেক রান পেয়েছি, তবে অনেক সময় বাংলাদেশ দল জেতেনি। আমার মনে হয় যে এটা (৭ নম্বর) একটা সঠিক জায়গা আমার জন্য এবং দলেরও অনেক সাহায্য হবে।
মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক, বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মিরাজ নিজেই জানিয়েছেন, এখন থেকে সাত নম্বরে ব্যাট করবেন তিন। তার আগে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেছেন, ‘আমি এটা নিজেই উপলব্ধি করেছি, আমার ব্যাটিংটা কোন জায়গায় সবচেয়ে বেশি প্রভাব রাখবে দলের জন্য। যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে, আমি প্রায় ৮-৯ বছর আট নম্বরে খেলেছি। ওখান থেকে বোলারদের নিয়ে অনেক ম্যাচ জিতিয়েছি, এ রকম অনেক ইনিংসই আছে।’

আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
প্রথম আলো

সাত নম্বরে ব্যাট করায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মিরাজ বলেন, ‘যেহেতু আমার অভিজ্ঞতা আছে বোলারদের সঙ্গে খেলার, আমি যদি সাত নম্বরে ব্যাটিং করি, এটা দলকে অনেক সাহায্য হবে। আমি টপ অর্ডারেও ব্যাটিং করেছি অনেক, হয়তো অনেক রান পেয়েছি, তবে অনেক সময় বাংলাদেশ দল জেতেনি। আমার মনে হয় যে এটা (৭ নম্বর) একটা সঠিক জায়গা আমার জন্য এবং দলেরও অনেক সাহায্য হবে।’

আরও পড়ুন

মিরাজের ব্যাটিং অর্ডার থিতু হওয়ার পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে বদল দেখা যাবে আরও কিছু।  লিটনকে পাঁচে খেলিয়ে যেমন ছয় নম্বরে আফিফ হোসেনকে চেষ্টা করে দেখা। বিসিএল অল স্টারস একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও এমন ব্যাটিং অর্ডারই দেখা গেছে। টপ অর্ডারের পর নাজমুল হোসেন আর তাওহিদ হৃদয়ের ওপরই ভরসা রাখতে চাইছে বাংলাদেশ।

ট্রফি নিয়ে পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদির সঙ্গে মিরাজ
প্রথম আলো

সর্বশেষ ৯ ওয়ানডের কেবল দুটিতেই বাংলাদেশ পুরো ৫০ ওভার খেলতে পেরেছিল। ব্যাটিংয়ের এই ব্যর্থতা বাংলাদেশকে ভুগিয়েছে পারফরম্যান্সেও। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর তারা ধবলধোলাই হয়েছে আফগানিস্তানের কাছে। ব্যাটিং অর্ডারে তাই পরিবর্তনটা দরকারই ছিল।

আরও পড়ুন

দলের জন্য সেরা কম্বিনেশনের খোঁজে থাকা অধিনায়ক মিরাজ বলেছেন, ‘যে যেই পজিশনে বিগত দিনে সফল হয়েছে, আমরা চেষ্টা করব তাঁকে সেই জায়গায় খেলানোর জন্য। সে যেন ওখানে পারফর্ম করতে পারে, আমরা ওভাবে চেষ্টা করব।’

ওয়ানডেতে বাংলাদেশ দলের সবকিছুই এখন ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে। র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থায় থাকার লক্ষ্য আছে, এমনকি কাল শুরু পাকিস্তান সিরিজ থেকে যে নতুন ব্যাটিং অর্ডার দেখা যাবে, মিরাজ বলেছেন— সহসা বদল আসার সম্ভাবনা নেই সেটিতেও।, ‘সামনে বিশ্বকাপ আছে, দলের মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে হবে। আমি বেশি কিছু পরিবর্তন করতে চাচ্ছি না। একটা জায়গায় একজন খেলোয়াড়কে বেশি সুযোগ দিলে তার অভিজ্ঞতাটা হয়। একটা ভালো টিম বন্ডিংও হয়। চেষ্টা করব বেশি কিছু পরিবর্তন না করেই দলীয় বোঝাপড়াটা ভালো করতে।’

আরও পড়ুন