রুটের ‘নড়বড়ে নব্বইয়ের’ পর ইংল্যান্ডের ব্যাটিং-ধস
জ্যাক ক্রলি–বেন ডাকেট ইনিংসের সুর বেঁধে দিয়েছিলেন। সেটা ধরে এগিয়ে যাচ্ছিলেন জো রুট–জনি বেয়ারস্টোরা। মনে হচ্ছিল, ম্যানচেস্টার টেস্টের মতো ওভালেও বুঝি ইংল্যান্ডের সংগ্রহটা অনায়াসে ৫০০ ছাড়িয়ে যাবে।
কিন্তু দারুণ খেলতে থাকা রুট ‘নড়বড়ে নব্বইয়ের’ শিকার হওয়ার পর আর বড় জুটি গড়ে ওঠেনি। ইংল্যান্ড সর্বশেষ ৫ উইকেট হারিয়ে ফেলেছে ৪৭ রানে। তাতেও অবশ্য অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পথেই আছে ইংল্যান্ড।
পরশু প্রথম ইনিংসে ১২ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। কাল সারা দিন ব্যাট করে ইংল্যান্ড ৮০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ৩৮৯ রান; এগিয়ে ৩৭৭ রানে। তৃতীয় দিনের খেলা শেষে স্টুয়ার্ট ব্রড ক্রিকেট থেকে অবসরের ঘোষণা না দিলে অস্ট্রেলিয়ার লক্ষ্যটা ৪০০–এর কম নাকি বেশি হবে, সেটাই হতো আলোচনার মূল বিষয়। কিন্তু ব্রডের ঘোষণায় বাকি সব ঘটনা একটু হলেও পানসে হয়ে গেছে।
লন্ডনের ওভালে কাল দিনের প্রথম বলেই ক্রলির দারুণ কাভার ড্রাইভে আসে বাউন্ডারি। শুরুর সেই মনোভাব দিন জুড়ে ধরে রেখে ব্যাটিং করেছেন বাকিরা। প্রথম ছয় জনের পাঁচ জন স্পর্শ করেছেন অন্তত ৪০ রান। এর মধ্যে তিন জনের ব্যাট থেকে এসেছে ফিফটি। লিডও পেরিয়ে গেছে পৌনে চারশ।
প্রিয় সতীর্থ জিমি অ্যান্ডারসনের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়ার একটু পরই আচমকা ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ব্রড। এই সিরিজেই ৬০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করা ৩৭ বছর বয়সী পেসার জানিয়ে দেন, এটিই তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
অল্পের জন্য এ দিন সেঞ্চুরি পাননি জো রুট। ১০৬ বলে ১১ চার ও এক ছক্কায় ৯১ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার ক্রলি ৭৬ বলে ৯ চারে করেন ৭৩। জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ৭৮ রান। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও অফ স্পিনার টড মার্ফি মিলে নিয়েছেন ৭ উইকেট। আজ চতুর্থ দিন ব্রড কিংবা অ্যান্ডারসনকে আউট করতে পারলে পাঁচ উইকেট পূর্ণ হবে স্টার্কের।
ম্যাচের এখনও দুই দিন বাকি। আগেই ‘ছাইদানি’ ধরে রাখা নিশ্চিত করা অস্ট্রেলিয়া ২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিততে চাইলে গড়তে হবে রেকর্ড। ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ১ উইকেটে জিতেছিল সেই ১৯০২ সালের অ্যাশেজে।