জাতীয় ক্রিকেট লিগ
অবশেষে ১০ উইকেট জায়েদের, সিলেটের জয়ে অপেক্ষা বাড়ল খুলনার
চ্যাম্পিয়নের দেখা পেতে জাতীয় ক্রিকেট লিগের শেষ দিন পর্যন্তই অপেক্ষা করতে হচ্ছে। আজ বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে খুলনার চেয়ে এগিয়ে গেছে সিলেট। অবশ্য খুলনা রংপুরের বিপক্ষে হার এড়ালেই রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যাবে।
অবশেষে ১০ উইকেট জায়েদের
২০১০ সালের জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক আবু জায়েদের। সেই জায়েদ এই সংস্করণে প্রথমবার ম্যাচে ১০ উইকেট পেলেন ২০২৬ সালের নভেম্বরে। বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট খেলা পেসার প্রথমবার ১০ উইকেট পেলেন ১১৯তম ম্যাচে।
খুলনায় ২৮তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে বরিশালের বিপক্ষে দুই ইনিংসেই ৫ উইকেট করে পেয়েছেন জায়েদ। প্রথম ইনিংসে ৩৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া জায়েদ গতকাল বরিশালের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট। জায়েদের দুর্দান্ত পারফরম্যান্সে তিন দিনের মধ্যেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে লিগ শেষ করেছে সিলেট।
টানা দ্বিতীয় জয়ে আপাতত খুলনাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে দলটি। সাত ম্যাচের তিনটিতে জেতা সিলেটের পয়েন্ট ৩২। যার মধ্যে আছে সর্বশেষ ম্যাচের দুটি বোনাস পয়েন্টও। একটি ইনিংস ব্যবধানে জেতায় ও অন্যটি টানা দুই ম্যাচ জেতার। খুলনা শেষ রাউন্ডে রংপুরের কাছে হেরে গেলে চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে সিলেট।
সিলেট আজ দিন শুরু করে ৪ উইকেটে ২৩৯ রান নিয়ে। আশরাফুল হাসান রিহাদের তৃতীয় সেঞ্চুরিতে (১১৩) ভর করে ৩৮৯ রানে থামে দলটি। দ্বিতীয় ইনিংসে বরিশাল অলআউট হয়েছে মাত্র ১২৩ রানে।
খুলনা কি পারবে?
না হারলেই রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন খুলনা—সিলেটে জমে উঠেছে এমন সমীকরণের ম্যাচটি। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৪ রান তুলে তৃতীয় দিন শেষ করা রংপুর এগিয়ে গেছে ২০০ রানে। দলটি খুলনাকে কত রানের লক্ষ্য দিতে পারবে, দেখার বিষয় সেটিই।
এর আগে ৭ উইকেটে ২৭৬ রান নিয়ে দিন শুরু করা খুলনার প্রথম ইনিংস থামে ৩২২ রানে। ৯৩ রানে দিন শুরু করা নুরুল হাসান প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪তম সেঞ্চুরি তুলে নিয়ে ফিরেছেন ১০৫ রানে। রংপুরের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৮ রান আকবর আলীর। লিগের শীর্ষ রান সংগ্রাহক মিম মোসাদ্দেক অপরাজিত ২৩ রানে। খুলনার দুই পেসার মেহেদী হাসান রানা ও সফর আলী নিয়েছেন ৪টি করে উইকেট।
চট্টগ্রাম এগিয়ে ২২৭ রানে
আরেক শিরোপাপ্রত্যাশী চট্টগ্রাম তৃতীয় দিন শেষে ঢাকার বিপক্ষে এগিয়ে ২২৭ রানে। রাজশাহীতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩১ রান তুলেছে দলটি। ৯৪ রান করেছেন দলটির ওপেনার সাদ্দাম হোসেন। এর আগে ৭ উইকেটে ২৮২ রান নিয়ে দিন শুরু করা ঢাকার প্রথম ইনিংস শেষ হয় ২৯২ রানে। চট্টগ্রামের পেসার সানজিদ মজুমদার পেয়েছেন ৫ উইকেট।
প্রিতমের সেঞ্চুরি, তবু লিড ময়মনসিংহের
সিলেটের একাডেমি মাঠে তৃতীয় দিন শেষে রাজশাহীর বিপক্ষে ময়মনসিংহ এগিয়ে ১৪২ রানে। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭৯ রান তুলেছে দলটি। এর আগে রাজশাহী প্রথম ইনিংসে করে ৩৭৭। সেঞ্চুরি পেয়েছেন দলটির অধিনায়ক প্রিতম কুমার (১০৮)। এই সংস্করণে এটি তাঁর সপ্তম সেঞ্চুরি। ময়মনসিংহের অলরাউন্ডার শুভাগত হোম নিয়েছেন ৫ উইকেট।