কঠিন, কিন্তু দরকারি সিদ্ধান্ত: ভারত ম্যাচ বয়কট নিয়ে মোহাম্মদ ইউসুফ
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল, তবে তা দরকার ছিল বলে মনে করেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তিনি মনে করেন, বিশ্ব ক্রিকেটে ‘সুবিধাবাদী’ প্রভাব কাজ করে থাকে, সেটি বন্ধ হওয়া উচিত।
রোববার রাতে পাকিস্তান সরকার আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট দলের অংশগ্রহণের কথা নিশ্চিত করলেও ১৫ ফেব্রুয়ারির ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানিয়েছে। সরকারি ঘোষণায় কোনো কারণ উল্লেখ করা না হলেও বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে এক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল।
নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা আমলে না নিয়ে উল্টো বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়।
অতীতে ভারত ও পাকিস্তানের নিরাপত্তাশঙ্কা বিবেচনায় নিলেও আইসিসি এবার দ্বিমুখী নীতি নিয়েছে উল্লেখ করে পিসিবি বিশ্বকাপ-বর্জনের ইঙ্গিতও দেয়। শেষ পর্যন্ত যা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে ঠেকেছে।
পাকিস্তানের হয়ে এক যুগ (১৯৯৮-২০১০) আন্তর্জাতিক ক্রিকেট খেলা ইউসুফ তাঁর দেশের সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সরকারের নেওয়া এই অবস্থানটি কঠিন হলেও দরকারি। বাণিজ্যিক স্বার্থের আগে মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্ব ক্রিকেটে যে ‘সুবিধাবাদী’ প্রভাব কাজ করছে, তা বন্ধ না হলে খেলাটি সত্যিকার অর্থে বৈশ্বিক হতে পারবে না। আমরা গর্বের সঙ্গে খেলি, পাশাপাশি খেলাধুলায় সমতা ও ন্যায়ের পক্ষেও দাঁড়াই।’
লেখার সঙ্গে তিনি আইসিসি, বিসিসিআই, বিসিবি, পাকিস্তান ক্রিকেট, গ্লোবাল ক্রিকেট, ফেয়ারপ্লে ও জাস্টিন ইন ক্রিকেট হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।
এর আগে নিরাপত্তাশঙ্কায় ভারতে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের পক্ষেও সরব ছিলেন ইউসুফ। সে সময় আইসিসির কঠোর সমালোচনা করে তিনি লিখেছিলেন, ‘একটি খেলা, যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সংগত উদ্বেগকে উপেক্ষা করা (আইসিসির) ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেওয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাব নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।’
৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। এরপর ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের সূচি নির্ধারিত ছিল।
এদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘শুরুটা ভারতের ‘নো হ্যান্ডশেক’ দিয়ে...এরপর কি দেখা গেল, পাকিস্তান আইসিসি টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে সরে গেল। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি কোনোভাবেই ভালো সময় নয়। উদ্বিগ্ন।’