ছয় উইকেটের কোনটি হাসানের কাছে ‘স্পেশাল’, কেন
শুরুটা করেছিলেন ওপেনার জেক ওয়েদারাল্ডকে দিয়ে, ইতি টেনেছেন শেষ ব্যাটসম্যান নাথান লায়নকে ফিরিয়ে। আজ ডারউইন টেস্টের প্রথম ইনিংসে সব মিলিয়ে হাসান মাহমুদ উইকেট নিয়েছেন ৬টি।
অথচ অস্ট্রেলিয়ার মাটিতে এত দিন কোনো সংস্করণে ৫ উইকেটই ছিল না বাংলাদেশের কোনো বোলারের। দিনটা তাই ২৬ বছর বয়সী এই পেসারের জন্য স্মরণীয়ই। দিন শেষে সংবাদ সম্মেলনে হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ছয় উইকেটের মধ্যে কোনোটি তাঁর কাছে আলাদা কি না?
শুরুতে জবাব দিতে চাননি। বলেছেন সব উইকেটই তাঁর চোখে সমান। তবে সব উইকেটের আনন্দ কি আর সমান হয়? হাসানও একপর্যায়ে উত্তর দিয়েই দিলেন, ‘আলাদা করে বললে স্টিভ স্মিথের উইকেটটি বেশি স্পেশাল ছিল। কারণ, ও (ডেলিভারির ধরন) অনুমান করতে পারছিল না।’ দুবার জীবন পাওয়া স্মিথ আউট হয়েছেন উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে। স্মিথ তাঁকে ঠিকঠাক বুঝতে না পারলেও তিনি পেরেছিলেন বলেই জানান হাসান, ‘আমার ইন্সটিঙ্কক্ট বলছিল, ও কিছু একটা করতে যাবে। তাই আমি বাউন্সার দিয়েছিলাম, ও মিস করেছে।’
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন হাসান। বাদ যাননি প্রতিপক্ষের ক্রিকেটাররাও, ‘ম্যাচের মধ্যে ট্রাভিস হেড বলেছিল, “ভালো বোলিং করেছ।” নাথান লায়নও জিজ্ঞাসা করেছিল যে আমার কয়টা ৫ উইকেট হয়েছে।’
ডারউইনে আজ প্রথম দিন হাসানের পাশাপাশি ভালো বোলিং করেছেন বাংলাদেশের অন্য দুই পেসারও। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন ২টি করে উইকেট নেওয়ায় অস্ট্রেলিয়ার ১০টি উইকেটের শিকারিই বাংলাদেশের পেসাররা। টেস্টে এক ইনিংসে বাংলাদেশি পেসারদের ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনা এটি।
দিন শেষে সংবাদ সম্মেলনে হাসানের কথায় উঠে এসেছে সতীর্থ দুই পেসারের প্রশংসা, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বোলিং করাটা খুবই চ্যালেঞ্জিং। আমাদের প্রস্তুতি খুবই ভালো ছিল। অনুশীলন করার জন্য আমরা অনেক সময় পেয়েছিলাম। বোলাররা সবাই খুব ভালো করেছে, ম্যাচেও আপনারা তার প্রতিফলন দেখতে পাচ্ছেন। তাসকিন ও ইবাদত একপাশ থেকে দারুণ সমর্থন জুগিয়েছে।’
অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে দেওয়ার পর ব্যাটিংয়েও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে তারা। হাসানের আশা, কালও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন ব্যাটসম্যানরা, ‘দুর্ভাগ্যবশত সাদমান ভাই শেষ করতে পারেননি, তবে এখন যে জুটি চলছে, তা ক্যারি করতে পারলে আমরা বড় স্কোর গড়তে পারব।’