নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টির দলে কারা, জানাল বিসিবি
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াতে বাকি নেই ২৪ ঘণ্টাও। এমন সময়ে সিরিজের শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ ম্যাচের স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি; প্রথম দুই ম্যাচের দলটির ওপরই আস্থা রেখেছে নির্বাচক প্যানেল।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন আবদুল গাফফার ও রিপন মণ্ডল। প্রথম ম্যাচে রিপন সুযোগ পেলেও একাদশে জায়গা হয়নি আবদুল গাফফারের। শেষ ম্যাচের স্কোয়াডেও রাখা হয়েছে তাঁদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৬ উইকেট জয় পায় তারা।
দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আগামীকাল বেলা দুইটায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
তৃতীয় টি-টুয়েন্টির বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস, পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মণ্ডল, সাইফ উদ্দিন, আবদুল গাফফার।