৪১০ রান করে লারাকে মনে করিয়ে দিলেন নর্থইস্ট

ব্রায়ান লারার পর প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৪০০ রান করেছেন স্যাম নর্থইস্টছবি: টুইটার/গ্ল্যামরগন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত স্কোরটা ৯০ ছুঁলেই বিচলিত হয়ে পড়েন কত ব্যাটসম্যান। সেঞ্চুরির খুব কাছে গিয়েও ব্যর্থ মনোরথে ফিরতে হয় তাঁদের। ‘নড়বড়ে নব্বই’ শব্দযুগল তো এমনি এমনিই চালু হয়নি ক্রিকেটে।

স্যাম নর্থইস্টের সামনে তো চ্যালেঞ্জটা ছিল আরও বড়। কাউন্টি ক্রিকেটে গ্ল্যামরগনের হয়ে খেলা ব্যাটসম্যান দাঁড়িয়ে ছিলেন ৩৯৬ রানে। এমন অবস্থায় ইতিহাস গড়ার চাপে চিপ্টে হওয়ার কথা ব্যাটসম্যানের। কোথায় কী! নর্থইস্ট অফ স্টাম্পের দিকে একটু সরে জায়গা বানিয়ে বোলারের মাথার ওপর দিয়েই ছক্কা মেরে পেয়ে গেলেন ৪০০ রান। পরেরও বলেও ছক্কা মারা ব্যাটসম্যান দুই বল পর একটি ডাবল নিতেই ইনিংস ঘোষণা করে দিলেন গ্ল্যামরগন অধিনায়ক ডেভিড লয়েড। দলের রানটা তো আর কম হয়নি—৭৯৫/৫।

৩২ বছর বয়সী নর্থইস্ট অপরাজিত ছিলেন ৪১০ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ ছাড়ানো ১১তম ইনিংস এটি, তবে রানের হিসেবে নবম সর্বোচ্চ। একুশ শতকে তো সর্বোচ্চ ইনিংসই এটি। কাউন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ইনিংস তাঁর। নর্থইস্টের আগে সেই ২০০৪ সালে এই শতকের প্রথম কোয়াড্রুপল সেঞ্চুরিটি করেছিলেন ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড পুনরুদ্ধার করার পথে ইংল্যান্ডের বিপক্ষে ঠিক ৪০০ রান করেছিলেন ক্রিকেটের বরপুত্র লারা।

মাত্র ৪৫০ বলেই ৪১০ রান করা নর্থইস্ট ইতিহাস গড়া ইনিংসটি খেলেছে লেস্টারের গ্রেস রোডে লেস্টারশায়ারের বিপক্ষে কাউন্টি ক্রিকেটে ডিভিশন টুতে। ৪৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন ক্রিস কুককে নিয়ে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৪৬১ রানের জুটি গড়া নর্থইস্ট।

প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস ব্রায়ান লারার। ১৯৯৪ সালে ইংলিশ কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে ৫০১ রানে অপরাজিত ছিলেন লারা। লারা ভেঙেছিলেন পাকিস্তানি কিংবদন্তি হানিফ মোহাম্মদের রেকর্ড। ১৯৫৯ সালের জানুয়ারিতে করাচিতে বাহাওয়ালপুরের বিপক্ষে ৪৯৯ রানে আউট হয়েছিলেন করাচির লিটল মাস্টার।

আরও পড়ুন