ইমরান খানের সুচিকিৎসার দাবি করলেন কামিন্সও

ইমরান খানএএফপি

এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৭৩ বছর বয়সী কারাবন্দী ইমরানের সঠিক চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন কামিন্স। এখনো যাঁরা খেলছেন তাঁদের মধ্যে কামিন্স প্রথম অধিনায়ক, যিনি ইমরানের জন্য সরাসরি কথা বললেন।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দী। ২৪ আগস্ট তাঁর চিকিৎসা ও ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে একযোগে চিঠি লিখেছেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। চিঠিটি পাঠানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে। কামিন্সও এই চিঠির প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন।

ইমরানের চিকিৎসা ও ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে লেখা চিঠিতে সই করেছেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইটের মতো কিংবদন্তিরা। সঙ্গে আছেন নারী ক্রিকেটের কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও।

সম্প্রতি অস্ট্রেলিয়ার ‘দ্য গ্রেড ক্রিকেটার’ শোতে এই চিঠি কেন লিখেছেন, সেই ব্যাখ্যা দিয়েছেন গ্রেগ চ্যাপেল। সেখানে তিনি বলেছেন, ‘ইমরানের বয়স এখন ৭৩ বছর। ছয় বছর আগে পাকিস্তানে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। তখনো তিনি ছিলেন শক্ত–সামর্থ। এখন আর তেমনটা নেই। তাঁর ডান চোখে নাকি সমস্যা দেখা দিয়েছে…তিনি কষ্টে আছেন। তিন বছর ধরে একা আছেন।’

আরও পড়ুন

গ্রেগ চ্যাপেল আরও যোগ করেছেন, ‘আমি জানি না, কীভাবে কেউ এটা সামলায়। শারীরিক ও মানসিকভাবে ইমরান আমার বিপক্ষে খেলা অন্য যেকোনো ক্রিকেটারের চেয়ে শক্তিশালী ছিলেন। কিন্তু তিন বছর ধরে সম্পূর্ণ একাকিত্ব কীভাবে সামলাতে হয়, আমি জানি না। আমার মনে হয় না, তাঁকে বই পড়ার অনুমতি দেওয়া হয়। মোটামুটি তাঁকে সেখানে বসে থাকতে হয় এবং নিজেকেই গোসল করতে হয়। আর বেশির ভাগ সময় তিনি অন্ধকারের মধ্যে থাকেন। এটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয়। আর আপনার মানসিক স্বাস্থ্যের অবনতি হলে শারীরিক স্বাস্থ্যও খারাপ হতে থাকবে। তাঁর নিজের বা তাঁর পরিবারের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নেই।’

এক্সে এই ভিডিও শেয়ার করে কামিন্স লিখেছেন, ‘গ্রেগ চ্যাপেল এবং অন্য সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের সঙ্গে আমিও আমার সমর্থন জানাচ্ছি। আমি আশা করি, আদালতের নির্দেশে যে চিকিৎসাসেবার কথা বলা হয়েছে, সেটি যথাযথভাবে সম্পন্ন করার সুযোগ দেওয়া হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎও অব্যাহত থাকবে। আমি আশা করি, ইমরান খানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে, যে মর্যাদা প্রত্যেক মানুষের প্রাপ্য।’

আরও পড়ুন