অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের সেঞ্চুরি
ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন ওপেনার তানজিদ হাসান। ৮ বল খেলে রান করতে পারেননি। তাঁর মতো শূন্য রানে আউট হয়েছেন মুশফিকুর রহিমও। মেহেদী হাসান মিরাজ বাদে বাকিদের কেউ ফিফটিও পাননি। মিরাজ অবশ্য ফিফটিও পেরিয়ে অপরাজিত সেঞ্চুরি তুলে নেন।
ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে আজ প্রথম দিনে মিরাজের ১০৯ রানে ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২ উইকেটে ৫১ রান তুলে দিনের খেলা শেষ করে।
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট ও ২২ আগস্ট ম্যাকাইতে হবে দ্বিতীয় টেস্ট। এ দুটি ম্যাচ সামনে রেখে আজ প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
তানজিদকে দ্রুত হারালেও টপ অর্ডারে বাকি ব্যাটসম্যানরা শুরুটা ভালোই পেয়েছিলেন। কিন্তু কেউই ইনিংস লম্বা করতে পারেননি। তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠেন অফ স্পিনার কোরি রকিচায়োলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২ ম্যাচে ১৭৯ উইকেট পেলেও তাঁর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
বাংলাদেশের চার বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম, মুমিনুল হক, সৌম্য সরকার ও তাইজুল ইসলামকে আউট করেন কোরি। এর পাশাপাশি হাসান মাহমুদ ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে ২৪ ওভার বল করে ৬ উইকেট পান এই ডানহাতি অফ স্পিনার।
বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ৫৩ বলে নাজমুলের ৩৭ রানই সর্বোচ্চ, ৪৭ বল খেলে ৩১ রান করেন ওপেনার সাদমান ইসলাম। টপ অর্ডার ইনিংস বড় করতে না পারলেও ৭ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ লড়াই চালিয়ে যান শেষের দিকে।
১৯৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলার পর দুই শর আগেই অলআউট হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ, কিন্তু খালেদ আহমেদকে নিয়ে শেষ উইকেটে ৬৯ রানের জুটি গড়ে দলের রান আড়াই শ পার করেন মিরাজ, পেয়ে যান সেঞ্চুরিও। ২৮ বলে ১৫ রান করে খালেদ আউট হলেও ১১ চার ও ৪ ছক্কার ইনিংসে ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত ছিলেন মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস : ২৬৩ (সাদমান ৩১, তানজিদ ০, মুমিনুল ১৬, নাজমুল ৩৭, মুশফিক ০, অমিত ১৫, মিরাজ ১০৯*, সৌম্য ১৬, তাইজুল ১০, হাসান ৪, খালেদ ১৫; কোরি ৬/৮৩, জ্যাকবস ১/২৮, থম্পসন ১/২৬) ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ প্রথম ইনিংস: ৫১/২ ( কনস্টাস ১, কেলাওয়ে ০, পিটারসন ২৬*, ফিলিপে ২২*; তাসকিন ১/২৪, হাসান ১/৪, ইবাদত ১১/০, খালেদ ১১/০)—প্রথম দিন শেষে।
ব্যাটিংয়ে নেমে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের শুরুটা ভালো হয়নি। হাসান মাহমুদের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে আউট হন ৫ বলে ১ রান করা ওপেনার স্যাম কনস্টাস। ক্যাম্পবেল কেলাওয়ে তাসকিন আহমেদের পরের ওভারে বোল্ড হন।
১ রানে ২ উইকেট হারালেও দিনের বাকি সময়ে অবশ্য আর উইকেট পড়েনি অস্ট্রেলিয়ার। ৫৮ বলে ৫০ রানের জুটি গড়েছেন কুর্টিস পিটারসন ও জশ ফিলিপ। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তাসকিন চার ওভার এবং ইবাদত হোসেন ও খালেদ দুই ওভার করে বল করেন। চার ওভারের দুটিই মেডেন করা হাসানই সবচেয়ে কম খরুচে, দিয়েছেন মাত্র ৪ রান।