নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হবে ভারতের একাদশ, পান্ডিয়ার জায়গায় কে

হার্দিক পান্ডিয়াছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিউজিল্যান্ডের এগিয়ে যাওয়ার লড়াই। দুটি দলই নিজেদের প্রথম চার ম্যাচের সব কটিতে জিতেছে। আজ তারা মুখোমুখি হচ্ছে ধর্মশালায়। যারা জিতবে, সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে কোন একাদশ খেলাবে দুই দল। হার্দিক পান্ডিয়ার চোটের কারণে ভারত দলে পরিবর্তন নিশ্চিত। কে খেলবেন পান্ডিয়ার জায়গায়? নিউজিল্যান্ড দলে কি কোনো পরিবর্তন আসছে?

পান্ডিয়ার জায়গায় সূর্যকুমার যাদব অথবা ঈশান কিষানের মধ্যে কারও একাদশে ঢোকার সম্ভাবনা বেশি। এই দুই ব্যাটসম্যানের মধ্যে সূর্যকুমার জায়গা পাওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। ওপেনার ঈশান ভারতের হয়ে পাঁচ নম্বরের নিচে কখনো ব্যাটিং করেননি। অন্যদিকে, সূর্যকুমার ছয়-সাত নম্বরেই ব্যাটিং করতে অভ্যস্ত। তবে গতকাল অনুশীলনে হালকা চোট পেয়েছেন সূর্য। সেই চোট কতটা গুরুতর, সেটা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন

সূর্য কিংবা ঈশান দলে ঢুকলে আবার বোলারের সংখ্যা কমে যায়। বোলিং–শক্তি বাড়াতে সে ক্ষেত্রে শার্দূল ঠাকুরকে বাইরে রেখে মোহাম্মদ শামি অথবা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও ঢুকতে পারেন দলে। ধর্মশালার পেসবান্ধব উইকেটে শামির খেলার সম্ভাবনাই অনেকটা বেশি। আবার ব্যাটিং গভীরতা পেতে শার্দূলকেও একাদশে রেখে দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সূর্যকুমার যাদব
ছবি: টুইটার

অন্যদিকে, নিউজিল্যান্ড দলে পরিবর্তনের সম্ভাবনা কম। লকি ফার্গুসন, ম্যাট হেনরিরা যেভাবে পারফর্ম করছেন, তাতে আজও টিম সাউদির সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি। আর কেইন উইলিয়ামসনকে এখনই পাওয়ার কোনো সম্ভাবনা নেই নিউজিল্যান্ডের।

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ভালো নয় ভারতের। বিশ্বকাপে দুই দলের ৮ দেখায় ভারত হেরেছে ৫ বার। ১৯৯২ সালের পর আইসিসি ইভেন্টে ৯ বারের দেখায় কিউইদের বিপক্ষে মাত্র একটিই জয় ভারতের।

আরও পড়ুন
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব/ঈশান কিষান, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর/মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।
আরও পড়ুন