পাকিস্তান বোর্ডের সিরিজ বাতিলের হুমকি নিয়ে কিছু জানতেন না কোচ সরফরাজ

সরফরাজ আহমেদএএফপি

পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ জানিয়েছেন, স্কাই স্পোর্টসে ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নেওয়া নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হুমকি দেওয়ার বিষয়টি তিনি এবং তাঁর খেলোয়াড়েরা জানতেন না।

লর্ডসে দ্বিতীয় টেস্টে প্রথম দিনে মধ্যাহ্নভোজ বিরতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিমের সাক্ষাৎকার প্রচার করে। ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর দুর্নীতি ও অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিন বছর ধরে কারাগারে বন্দী আছেন ’৯২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি।

জানা গেছে, সাক্ষাৎকারটি সম্প্রচার করা হলে লর্ডসে টেস্ট ও তিন ম্যাচের এই সিরিজে বাকি অংশে আর না খেলার কথা ভেবেছিল পিসিবি। কিন্তু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার মাইকেল আথারটনের নেওয়া সেই সাক্ষাৎকারের একটি সংস্করণ শেষ পর্যন্ত স্কাই স্পোর্টসে সম্প্রচার করা হয় এবং বিরতির পর পাকিস্তানের খেলোয়াড়েরাও ম্যাচ চালিয়ে যেতে মাঠে ফিরে যান।

গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ সরফরাজ এ নিয়ে বলেন, ‘আমি কিছুই জানি না। শুধু ম্যাচেই মনোযোগ দিচ্ছি। আপনারা কি ওই সাক্ষাৎকারের কথা বলছেন? সাক্ষাৎকার সম্পর্কে আমরা কিছু জানি না।’

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান
রয়টার্স

প্রথম দিনে খেলোয়াড়দের মাঠে ফেরা নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের সাবেক এ উইকেটকিপার বলেন, ‘সবকিছু ঠিকঠাক আছে। তখন আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম।’

সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান ২১ বছর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। তাঁর অধিনায়কত্বে ১৯৯২ বিশ্বকাপ জেতে পাকিস্তান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ৭৩ বছর বয়সী ইমরান। দুর্নীতির অভিযোগে ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী থাকলেও এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।

আরও পড়ুন

আথারটনের নেওয়া সেই সাক্ষাৎকারে সুলাইমান ও কাসিম তাঁদের বাবার চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়ার সমালোচনা করেন।

সাক্ষাৎকারটি প্রচারের আগেই স্কাই স্পোর্টস এটি সম্প্রচার করার পরিকল্পনা নিয়ে একটি অভিযোগ পায়। ক্রিকইনফো এর আগে জানিয়েছে, সাক্ষাৎকারটি নিয়ে পিসিবির পক্ষ থেকে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করা হয়। এমন পরিস্থিতির জেরে তৈরি হওয়া উত্তেজনা নিরসনে ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস থেকে সরকারি পরামর্শ গ্রহণ করে ইসিবি।

পাকিস্তানে সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভি স্কাইয়ের ফুটেজ ব্যবহার করে ম্যাচটি দেখালেও সাক্ষাৎকারটি প্রচার করেনি। জানা গেছে, গত শুক্রবার পর্যন্ত সাক্ষাৎকারটি নিয়ে স্কাই স্পোর্টসের কাছে নতুন কোনো অভিযোগ আসেনি।

এর আগে ২০০৬ ওভাল টেস্টে পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগে ইংল্যান্ড–পাকিস্তান টেস্ট পরিত্যক্ত ঘোষণা করা হয়। চা–বিরতির পর পাকিস্তানের খেলোয়াড়েরা মাঠে নামতে অস্বীকৃতি জানালে ম্যাচে তাদের পরাজিত ঘোষণা করা হয়। টেস্ট ইতিহাসে এটিই একমাত্র ঘটনা, যেখানে কোনো দল ম্যাচ ছেড়ে বা খেলতে অস্বীকৃতি জানিয়ে হেরে যায়।

আরও পড়ুন