এবার চোটে অধিনায়ককেই হারাল অস্ট্রেলিয়া, শঙ্কায় মার্শের বিশ্বকাপে খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বড় এক ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অনুশীলনে চোট পেয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। তাঁর বিকল্প হিসেবে জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায় উড়িয়ে নেওয়া হচ্ছে স্টিভ স্মিথকে।
স্মিথ অবশ্য সরাসরি স্কোয়াডে ঢুকছেন না। তিনি বর্তমানে স্ট্যান্ডবাই হিসেবে শ্রীলঙ্কায় যাচ্ছেন। মার্শ যদি পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান, তবেই স্মিথ মূল দলে জায়গা পাবেন।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে অনুশীলনের সময় মার্শ কুঁচকিতে আঘাত পান। সেই চোটই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘অনুশীলনে সরাসরি বলের আঘাত পাওয়া মিচেল মার্শ প্রথম ম্যাচে খেলতে পারছেন না। তিনি এখনো বেশ ব্যথা অনুভব করছেন, যার ফলে তাঁর নড়াচড়া করাও কঠিন হয়ে পড়েছে।’
স্ক্যান করার পর চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অণ্ডকোষের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। এ অবস্থায় তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, তা নির্ভর করছে শারীরিক অবস্থার উন্নতি ও চিকিৎসকদের সবুজ সংকেতের ওপর।
বিশ্বকাপ শুরুর আগেই অস্ট্রেলিয়া দলে যেন চোটের মড়ক লেগেছে। এর আগেই চোটের কারণে ছিটকে গেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
স্টিভ স্মিথকে আগে দলে রাখা না নিয়েও অনেক বিতর্ক হয়েছে। বিগ ব্যাশ লিগে ওপেনার হিসেবে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও তাঁকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল। স্পিনের বিপক্ষে স্মিথের দারুণ দক্ষতা শ্রীলঙ্কার কন্ডিশনে কাজে লাগতে পারে বলেই এখন তাঁকে ব্যাকআপ হিসেবে ভাবা হচ্ছে।
আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মার্শের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন ট্রাভিস হেড। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান করে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতেছে ৬৭ রানে।