টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না হ্যাজলউডের
টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আরেকটি বড় ধাক্বা লাগল অস্ট্রেলিয়া দলে। চোটের কারণে বিশ্বকাপে জস হ্যাজলউডকে পাবে না অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামার পাঁচ দিন আগে এমন খবর অস্ট্রেলিয়া দলের জন্য বড় আঘাত। চোটের কারণে এর আগে অস্ট্রেলিয়া দলের আরেক পেসার প্যাট কামিন্সও ছিটকে পড়েন টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে। হ্যাজলউডের বদলি কে হবেন, সে সিদ্ধান্ত পরে নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
হ্যাজলউডকে নিয়ে শঙ্কাটা ৩ ফেব্রুয়ারি জানা গিয়েছিল। সিএ জানিয়েছিল, হ্যামস্ট্রিং ও একিলিসের চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপে শুরুর দিকে অস্ট্রেলিয়ার ম্যাচগুলোতে খেলতে পারবেন না হ্যাজলউড। গত বছর নভেম্বরের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে আর মাঠে নামতে না পারা হ্যাজলউডকে ছাড়াই চলতি সপ্তাহের শুরুতে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় পৌঁছায় অস্ট্রেলিয়া দল।
সুপার এইটে জশ ম্যাচ খেলার মতো ফিট হয়ে ফিরবেন বলে আমরা আশা করছিলাম। কিন্তু সর্বশেষ যে তথ্য পেয়েছি, তাতে দেখা যাচ্ছে তাঁর পুরোপুরি প্রস্তুত হতে এখনো কিছুটা সময় লাগবে। এমন অবস্থায় প্রস্তুতি ত্বরান্বিত করতে গেলে চোটের ঝুঁকি অনেক বেড়ে যাবে।সিএ নির্বাচক টনি ডোডেমেইড
টি-টুয়েন্টি ক্রিকেটে গত বছরটা ভালো কেটেছিল হ্যাজলউডের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি আন্তর্জাতিক সিরিজেও ছিলেন উজ্জ্বল। অ্যাশেজ শুরুর আগে শেফিল্ড শিল্ডের শেষ ম্যাচে বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান হ্যাজলউড। পরে অ্যাশেজ সিরিজের শেষ দিকে ফেরার চেষ্টা করলেও আবার একিলিসের সমস্যায় ভুগতে হয় তাঁকে।
হ্যাজলউডকে সিডনিতে পুনর্বাসনের জন্য রেখে শ্রীলঙ্কায় গিয়েছে অস্ট্রেলিয়া দল। দলের সঙ্গে রিজার্ভ হিসেবে রাখা হয় আরেক পেসার শন অ্যাবটকে।
এবার হ্যাজলউডের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিয়ে সিএ নির্বাচক টনি ডোডেমেইড বলেন, ‘সুপার এইটে জশ ম্যাচ খেলার মতো ফিট হয়ে ফিরবেন বলে আমরা আশা করছিলাম। কিন্তু সর্বশেষ যে তথ্য পেয়েছি, তাতে দেখা যাচ্ছে তাঁর পুরোপুরি প্রস্তুত হতে এখনো কিছুটা সময় লাগবে। এমন অবস্থায় প্রস্তুতি ত্বরান্বিত করতে গেলে চোটের ঝুঁকি অনেক বেড়ে যাবে।’
ডোডেমেইড আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা কোনো বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করছি না। শুরুতে ম্যাচগুলোর জন্য আমাদের দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলেই মনে করছি। পরিস্থিতি অনুযায়ী পরে প্রয়োজন হলে অগ্রাধিকারভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে স্কোয়াডে চোট নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল অস্ট্রেলিয়া দল। পাকিস্তানের বিপক্ষে ১ ফেব্রুয়ারি সিরিজের শেষ টি-টুয়েন্টিতে কুঁচকিতে টান পাওয়া লেগ স্পিনার অ্যাডাম জাম্পা আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নাথান এলিস ও টিম ডেভিড হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগলেও গ্রুপ পর্বে খেলার জন্য ‘সঠিক পথেই আছেন’ বলে জানিয়েছে সিএ।
গত বৃহস্পতিবার এই তিনজনের কেউই কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রস্তুতি ম্যাচে ছিলেন না। এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া ফিট হিসেবে পেয়েছে মাত্র ১১ জন খেলোয়াড়কে।
২০০৯ চ্যাম্পিয়নস ট্রফির পর এই প্রথম হ্যাজলউড, কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ বা ডেভিড ওয়ার্নারের মধ্যে কাউকে ছাড়াই আইসিসি টুর্নামেন্টে খেলবে অস্ট্রেলিয়া।