পাকিস্তানি খেলোয়াড়ের নাম অ্যাডাম গিলক্রিস্ট, ব্যাটিংয়ে বাঁহাতি, করে কিপিং

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের অ্যাডাম গিলক্রিস্টপ্রথম আলো গ্রাফিকস

পাকিস্তানের ক্রিকেটে হঠাৎ অ্যাডাম গিলক্রিস্টের আবির্ভাব!

নাম শুনে চমকে উঠলেন? ভাবছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট আবার পাকিস্তানের হয়ে খেলবেন নাকি! না, ঘটনা তা নয়। এই গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার নয়, পাকিস্তানের। বয়সেও নিতান্তই কিশোর। এই কিশোরের নাম গিলক্রিস্ট হলো কীভাবে? এর পেছনে আছে মজার এক গল্প।

কীভাবে পাকিস্তানি কিশোর অ্যাডাম গিলক্রিস্ট

তার মা নাম রেখেছিলেন ‘অ্যাডাম’। তবে ক্রিকেটপ্রেমী বাবা এর সঙ্গে ‘গিলক্রিস্ট’ জুড়ে দিয়েছেন। বোঝাই যাচ্ছে, তার বাবা গিলক্রিস্টের ভক্ত। তবে মিল শুধু নামেই নয়, খেলার ধরনেও। অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতো পাকিস্তানের অ্যাডাম গিলক্রিস্টও বাঁহাতি ব্যাটসম্যান। এমনকি উইকেটকিপারও।

একটা জায়গায় অবশ্য অমিল—পাকিস্তানি গিলক্রিস্টের ক্রিকেটীয় আদর্শ শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। সম্প্রতি নিজের নামের গল্প এবং প্রিয় ক্রিকেটার সম্পর্কে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

কোথায় খেলছে গিলক্রিস্ট

পাকিস্তানের অ্যাডাম গিলক্রিস্ট খেলছে স্কুল ক্রিকেটে। সম্প্রতি পাকিস্তানের করাচিতে স্কুল ক্রিকেটের এক ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছে কিশোর গিলক্রিস্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ট্যালেন্ট হান্ট স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে কামরান পাবলিক স্কুলের হয়ে খেলছে সে।

জিন্নাহ কলেজে অনুষ্ঠিত ম্যাচে হ্যাপি প্যালেস গ্রামার স্কুল, করাচির বিপক্ষে ১০৮ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান। তার সেঞ্চুরিতে নির্ধারিত ৪০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রানের বড় সংগ্রহ গড়ে কামরান পাবলিক স্কুল। দলের মোট রানের প্রায় ৩৯ শতাংশই এসেছে তার ব্যাট থেকে। পরে প্রতিপক্ষকে ১৭২ রানের বিশাল ব্যবধানে হারায় তার দল।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট
এক্স

গিলক্রিস্ট আর সাঙ্গাকারার প্রভাব

দুজনেই কিংবদন্তি। গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৯৬টি টেস্ট। এই সংস্করণে তাঁর রান ৫ হাজার ৫৭০। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিং এবং দ্রুত ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন গিলক্রিস্ট।

অন্যদিকে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সাঙ্গাকারা টেস্ট ক্রিকেটে করেছেন ১২ হাজার ৪০০ রান ও ৩৮টি সেঞ্চুরি। দক্ষ উইকেটকিপার হিসেবেও আলোচিত ছিলেন তিনি।

আরও পড়ুন