সংবাদ সম্মেলনে নাজমুল, এখনই সেমিফাইনালের চিন্তা নয়
আফগানিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন—সেমিফাইনালে খেলাই তাঁদের প্রাথমিক লক্ষ্য। হাথুরুসিংহের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ শুরুটাও করেছিল দুর্দান্ত। কিন্তু আফগানিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে তাদের হারতে হয়েছে ১৩৭ রানের বড় ব্যবধানে।
ইংল্যান্ডের কাছে বাংলাদেশের হারের পর আলোচনা যতটা না হারার জন্য, তার চেয়ে বেশি হারের ধরন নিয়ে। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং—সেদিন কোনোটিই যে ভালো হয়নি বাংলাদেশের। বিশেষ করে পেসারদের পারফরম্যান্সে হতাশ হয়েছেন সবাই। তবে বাংলাদেশ দলে ওই হারের কোনো নেতিবাচক প্রভাব নেই বলেই জানিয়েছেন সহ–অধিনায়ক নাজমুল হোসেন। চেন্নাইয়ে আগামীকালের নিউজিল্যান্ড ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে নাজমুল বলেছেন, তাঁদের দৃষ্টি এখন সামনের ম্যাচগুলোতে।
সংবাদ সম্মেলনে ঘুরেফিরেই এসেছে ইংল্যান্ডের কাছে হারের প্রসঙ্গ। এ প্রসঙ্গে নাজমুল বলেছেন, ‘দলের আলোচনা তেমন কোনো কিছুই ছিল না। বিশ্বকাপ লম্বা একটা টুর্নামেন্ট, এমন নয় যে (প্রথম পর্বে) ৯টি ম্যাচই আমরা জিতব।’
বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় নেই, এটা বোঝাই যাচ্ছে। ওই ম্যাচের পর দলের আলোচনা কী নিয়ে ছিল—এই প্রশ্নের উত্তরে নাজমুল বলেছেন, ‘এখানে হার–জিত থাকবেই। এখান থেকে আমরা কীভাবে ঘুরে দাঁড়াতে পারি, সেটা নিয়েই কথা হয়েছে।’
সেমিফাইনালে যাওয়া নিয়ে এক প্রশ্নেও নাজমুল বেশি দূরে তাকাতে চাইলেন না, ‘প্রত্যেকটা ম্যাচই জেতা জরুরি। আমার মনে হয় এখনই সেমিফাইনাল নিয়ে খুব বেশি চিন্তা করা উচিত নয়। আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। কালকের ম্যাচটা ভালো করতে চাই।’