‘এখনই সময়’ বলে আইসিসিকে কী পরামর্শ দিলেন আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিশহীদ আফ্রিদির ইনস্টাগ্রাম হ্যান্ডল

পাকিস্তান টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে, কিন্তু খেলবে না গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি। পাকিস্তান সরকার গতকাল রাতে এক্স হ্যান্ডলে এ সিদ্ধান্ত জানায়। কেন এমন সিদ্ধান্ত, তার সুনির্দিষ্ট কোনো কারণ বলা না হলেও গত কয়েক দিনের ঘটনায় আন্দাজ করে নেওয়া যায়।

ঘটনার সূত্রপাত, ভারতে উগ্রপন্থীদের বিরোধিতায় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। বাংলাদেশ এরপর নিরাপত্তাশঙ্কায় ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিতে অনুরোধ করে আইসিসিকে। বোর্ড সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্ব সূচি অনুযায়ীই খেলতে হবে। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় তাদের জায়গায় স্কটল্যান্ডকে টি-টুয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি জানিয়েছিলেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে।

সেই আলোচনার পর পাকিস্তান সরকার গতকাল সিদ্ধান্ত জানিয়ে দেয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে এর প্রতিক্রিয়ায় বিবৃতিতে বলা হয়, পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয়, তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করবে। পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে ক্রিকেট–বিশ্বের কোটি কোটি ভক্তের জন্য হতাশাজনক আখ্যা দিয়ে আইসিসি পিসিবিকে অনুরোধ করেছে একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজতে।

আইসিসির এমন প্রতিক্রিয়ার পর অনেকেই অনেক কথা বলছেন। বেশির ভাগই ভারত ও পাকিস্তানকে নিয়ে। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির লক্ষ্যবস্তু আইসিসি। পাকিস্তান সরকারের সিদ্ধান্তের প্রতিও একাত্মতা প্রকাশ করেছেন আফ্রিদি।

নিজের এক্স হ্যান্ডলে আফ্রিদি লেখেন, ‘আমি সব সময়ই বিশ্বাস করেছি, রাজনীতি যেসব দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট সেসব খুলতে পারে। এটা দুঃখজনক যে টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না। কিন্তু আমি আমার সরকারের সিদ্ধান্তের পক্ষে আছি।’

আরও পড়ুন

আফ্রিদি আরও লিখেছেন, ‘আইসিসির জন্য এখনই সময় তাদের নেতৃত্বের প্রমাণ দেখানোর। শুধু বিবৃতির মাধ্যমে নয়; বরং সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা প্রতিটি সদস্যের প্রতি নিরপেক্ষ, স্বাধীন ও ন্যায্য।’

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল পাকিস্তান সরকারের পোস্টে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ‘এ’ গ্রুপে আছে। একই গ্রুপের অন্য দলগুলো হচ্ছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

আরও পড়ুন