এর চেয়ে ভালো ফেরা আর হতে পারে না!
দুই বছরের বেশি সময় পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন পেসার ওলি রবিনসন। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফেরার ম্যাচে প্রথম ওভারেই নিয়েছেন ৩ উইকেট। আউট করেছেন ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন আর রাচীন রবীন্দ্রকে।
তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে লর্ডস টেস্টের প্রথম দিন শেষে ৭৯ রানে এগিয়ে ইংল্যান্ড। নিউজিল্যান্ড দিন শেষ করেছে ৬ উইকেটে ৬১ রানে।
শুধু ওলি রবিনসন নয়, দারুণ বোলিং করেছেন গাস আটকিনসন ও জশ টাংও। নিউজিল্যান্ডের ব্যাটিং স্কোরকার্ডটাই ইংল্যান্ড বোলারদের দাপট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হয়তো ভুলিয়েও দিচ্ছে ব্যাট হাতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৪০ রানে গুটিয়ে যাওয়ার ব্যর্থতা।
রবিনসন প্রথম ওভারে ৩ উইকেট নেওয়ার পর আউট করেছেন দিনে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক (১২) ড্যারিল মিচেলকেও। টম ল্যাথাম আউট হয়েছেন আটকিনসনের বলে, টম ব্লান্ডল আউট হয়েছেন টাংয়ের বলে।
বল হাতে নিউজিল্যান্ডের বোলাররাও দাপট দেখিয়েছেন। এখানে নেতৃত্ব দিয়েছেন কাইল জেমিসন। ৫ উইকেট নিয়েছেন এই পেসার। নাথান স্মিথ নিয়েছেন ৩ উইকেট, উইল ও রুর্ক নিয়েছেন ২টি।
টসে হেরে ব্যাটিং করতে নামা ইংল্যান্ডকে প্রথম আঘাতটা করেন জেমিসনই। তাঁর বলে অভিষেক টেস্টে ৮ রানে আউট হন এমিলিও গে। দলীয় ৩৪ রানের মধ্যেই ফেরেন বেন ডাকেট, জ্যাকব বেথেল, ও জো রুট। ইংল্যান্ড যে ১৪০ রান পর্যন্ত যেতে পেরেছে সেটা হ্যারি ব্রুকের ৫৬ রানের ইনিংসের কল্যাণে। ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ডাকেটের কাছ থেকে, ১৯।
প্রথম দিনে সব মিলিয়ে উইকেট পড়েছে ১৬টি। লর্ডস টেস্ট তৃতীয় দিনে যাবে কি না, সেটিই প্রশ্ন!