সূর্যর উত্তাপে নেমে গেলেন রিজওয়ান
অস্ট্রেলিয়ার মাটিতে যেভাবে উত্তাপ ছড়াচ্ছিলেন, এমনটা হওয়ারই ছিল। আইসিসির হালনাগাদ করা সবশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংও দিল সেই খবরই। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের শীর্ষে এখন সূর্যকুমার যাদব।
শেষ হলো রিজওয়ানের প্রায় দুই মাসের রাজত্ব। সবশেষ এশিয়া কাপের সময় র্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠেছিলেন রিজওয়ান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত রিজওয়ান পাকিস্তানের হয়ে ৩ ম্যাচে করেছেন ৬৭ রান, সর্বোচ্চ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা ৪৯। বিপরীতে একই সময়ে সূর্যকুমার ছিলেন দুরন্ত। পাকিস্তানের বিপক্ষে ১৫ রান করে আউট হয়ে গেলেও পরের দুই ম্যাচে হাঁকিয়েছেন ফিফটি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫১ রানে অপরাজিত থাকার পর দক্ষিণ আফ্রিকার ৬৮।
পেসবান্ধব পার্থের যে উইকেটে বিরাট কোহলি-রোহিত শর্মারা রান তুলতে হিমশিম খেয়েছেন, সূর্যকুমার সেখানে ছিলেন স্বচ্ছন্দ। তাঁর ব্যাটিং দেখে সেদিন ‘মিডল অর্ডারে এই সময়ের সেরা’ বলে প্রশংসায় ভাসিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকও।
প্রতিপক্ষ আর ম্যাচ পরিস্থিতি মিলিয়ে অবদানের কারণে রেটিংয়ে সূর্যই এখন শীর্ষে। রিজওয়ানের ৮৪২ টপকে সূর্যের রেটিং ৮৬৩।
৩২ বছর বয়সী সূর্যকুমার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গত বছরের মার্চে। আজকের বাংলাদেশ-ভারত ম্যাচের আগে ৩৭ ম্যাচ খেলে ৪০.৬৫ গড়ে তুলেছেন ১১৭৯ রান। যার মধ্যে ফিফটি ১১টি, সেঞ্চুরি ১টি। এর মধ্যে ৮টি ফিফটি আর ১টি সেঞ্চুরি এ বছরই।
সূর্যকুমারের মতো র্যাঙ্কিংয়ে বড় উল্লম্পন ঘটেছে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো আর নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসেরও। বাংলাদেশের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলা রুশো ১৮ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৮ নম্বরে।
আর শ্রীলংকার বিপক্ষে ১০৪ রান করা কিউই ব্যাটসম্যান ফিলিপস পাঁচ ধাপ এগিয়ে আছেন সাতে। ফিলিপসের সতীর্থ ডেভন কনওয়ে আছেন ৩ নম্বরে।
বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৩ উইকেট নিয়ে তাঁর সঙ্গে রেটিংয়ে ব্যবধান কমিয়ে এনেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুইয়ে আছেন লঙ্কান স্পিনার।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে লিটন দাস, এক ধাপ এগিয়ে তিনি এখন ৩৫ নম্বরে। আফিফ হোসেনও এক ধাপ এগিয়ে উঠেছেন ৪৩ নম্বরে।