এক দল ওয়ানডে বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন। আরেক দল কখনো সেমিফাইনালও খেলেনি। এক দল মাঠের চেয়েও বেশি মাঠের বাইরের দাপটে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা। আরেক দলের আন্তর্জাতিক পরিমণ্ডলে তেমন কোনো প্রভাবই নেই। তারপরও ওয়ানডের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ঝাঁজালো লড়াইয়ের কথা উঠলে কেন তাতে বাংলাদেশ-ভারত থাকে! কেন এই বিশ্বকাপের অন্যতম ‘বড় ম্যাচ’-এর স্বীকৃতি পেয়ে যায় আজ পুনেতে দুই দলের আরেকটি ওয়ানডে দ্বৈরথ!
পরিসংখ্যান আপনাকে জানাবে, এই দুই দলের মুখোমুখি লড়াইয়েও প্রতিদ্বন্দ্বিতার চিহ্ন নেই। ৪০ ম্যাচের ৩১টিই জিতেছে ভারত। বাংলাদেশ জিতেছে ৮টি। শুধু বিশ্বকাপের কথা বললেও বাংলাদেশের কাছে প্রথম ম্যাচটা হারার পর টানা তিনটিতে ভারতের জয়। এখানেই–বা তাহলে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ কোথায়?
ঠিক আছে, হিসাবটা তো আসলে এভাবে হয় না। ভারত সেই কবে থেকে ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তি, যেখানে টেস্ট অঙ্গনে বাংলাদেশের পা পড়েছে মাত্র ২৩ বছর আগে। শুরুর দিকের ম্যাচগুলোকে তাই বাইরে রাখাই ভালো। সীমারেখাটা কোথায় টানবেন, সেই প্রশ্নেরও সহজ উত্তর আছে। ২০০৪ সালের ডিসেম্বরে সুনামির সেই রাতে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের আগে-পরেই না হয় একটা রেখা টেনে দিন। টানা ১২ ম্যাচ হারার পর ১৩তমবারে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওই জয়। তা সেই ম্যাচ থেকে ধরলেও তো ২৮ ম্যাচে জয়-পরাজয়ের পাল্লাটা ভারতের দিকেই অনেক ঝুঁকে থাকে। ১৯টি জয়ের পাশে মাত্র ৮টি পরাজয়। তাহলে বাংলাদেশ-ভারত নিয়ে কেন এত কথা? কেন অনেক ভারতীয়র কথায় মনে হচ্ছে, এই বিশ্বকাপে ভারত-পাকিস্তানের পরই রাউন্ড রবিন লিগে সবচেয়ে আগুনে লড়াই এটি!
উত্তরটা লুকিয়ে আছে সাম্প্রতিক ইতিহাসে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই কারও না কারও মনে ২০০৭ বিশ্বকাপ উঁকি দেওয়ার কথা। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে তারায় ঝলমলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় বদলে দিয়েছিল বিশ্বকাপ ক্রিকেটকেই। গ্রুপ পর্ব থেকেই ভারতের বিদায় আইসিসির আর্থিক সম্ভাবনায় এমন জোর ধাক্কা দিয়েছিল যে বিশ্বকাপের ফরম্যাটই বদলে ফেলা হয় এরপর। ক্রিকেট ইতিহাসে এমন প্রভাববিস্তারী ম্যাচ তাই খুব বেশি নেই।
এবার যেমন ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সেই কবে থেকেই সাজ সাজ রব, সেবারও একটি ভারত-পাকিস্তান মহারণের অপেক্ষায় ছিল বিশ্বকাপ। পার্থক্য হলো, সেই ম্যাচটা হওয়ার কথা ছিল সুপার এইট পর্বে। শেষ পর্যন্ত কি হয়েছিল, জানেন? ভারত-পাকিস্তানের বদলে বাংলাদেশ-আয়ারল্যান্ড! বাংলাদেশ যেদিন ভারতকে হারায়, একই দিন আয়ারল্যান্ড হারিয়ে দেয় পাকিস্তানকে। সেই ধাক্কা সামলে কোনো দলেরই আর সুপার এইটে ওঠা হয়নি। ওই ম্যাচটার কথা উঠলে এখনো বার্বাডোজের ওই হোটেলমালিকের করুণ মুখটা মনে পড়ে। অনেক টাকা খরচ করে অপ্সরা নামে একটা রেস্টুরেন্ট দিয়েছিলেন। এক ভারত-পাকিস্তান ম্যাচই সেই খরচ তুলে দেবে বিশ্বাস থেকে। যুগল আঘাতে বেচারার পথে বসার দশা।
২০০৭ বিশ্বকাপের ওই হার ভারতীয় ক্রিকেটেও দগদগে এক ক্ষত হয়ে আছে। মনে পড়ছে আরেকটা স্মৃতিও। ২০১১ বিশ্বকাপের সেমিফাইনাল কাভার করতে চণ্ডীগড় গিয়ে উঠেছি কপিল দেবের হোটেল ‘ক্যাপ্টেনস রিট্রিট’-এ। রেস্টুরেন্টের মাঝখানে গোলাকৃতির বিশাল এক পিলার। বিভিন্ন রঙের কালিতে লেখায় গিজগিজে। কপিল দেব আদৌ কখনো পড়বেন কি না, তা না জেনেই ভক্তরা তাঁর উদ্দেশে মনের সব আবেগ উজাড় করে দিয়েছেন। এর মধ্যে একটা কথায় চোখ আটকে গিয়েছিল, ‘কপিল পাজি, প্লিজ কাম ব্যাক। কী অবস্থা দেখুন না, এখন বাংলাদেশও আমাদের বিশ্বকাপে হারায়।’
তবে ২০০৭ বিশ্বকাপ প্রভাবে যতই বড় হোক, বাংলাদেশ-ভারত ওয়ানডের এমন উত্তেজনাকর হয়ে ওঠার শুরু এটা নয়। পরের আট বছরে ১৪ ম্যাচে বাংলাদেশ তো মাত্র ১টি ম্যাচই জিততে পেরেছে। দুই দলের ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ‘যুদ্ধ’ও কেউ দেখেনি তখন। প্রতিদ্বন্দ্বিতা বলুন বা বৈরিতা, এর শুরু আসলে ২০১৫ বিশ্বকাপে মেলবোর্নে ওই কোয়ার্টার ফাইনাল থেকে। রোহিত শর্মার ‘কোমরের চেয়ে বেশি উচ্চতা’র নো বলে আউট হয়ে বেঁচে যাওয়ার পর আরও একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক খুলে দিয়েছিল উত্তেজনার জ্বালামুখ। পরদিন আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের ক্ষোভমিশ্রিত প্রতিক্রিয়ায় যা আরও তীব্রতা পায়।
এর পরপরই বাংলাদেশে সেই ওয়ানডে সিরিজ। লিকলিকে এক বাঁহাতি পেস বোলারের কাটার আর স্লোয়ারে নাজেহাল ভারত। কতটা, তা বুঝতে একটা ঘটনাই যথেষ্ট। তুমুল উত্তেজনার মধ্যেও সাধুসন্তের মতো ঠান্ডা থাকতে পারার আশ্চর্য ক্ষমতার কারণে যাঁর আরেক নাম ছিল ‘ক্যাপ্টেন কুল’, সেই মহেন্দ্র সিং ধোনি রান নেওয়ার সময় বোলার মোস্তাফিজকে ধাক্কা দিয়ে বসেন। ধাক্কাটা ‘ইচ্ছাকৃত’ বলে তাঁকে শাস্তিও পেতে হয়। বাংলাদেশ-ভারত ম্যাচের অন্য মাত্রা পেয়ে যাওয়ার সূচনালগ্ন হিসাবে কি এটিকেই ধরা যায়!
সেই প্রথম ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়। প্রায় সাড়ে আট বছর পর নিজেদের দেশে পরের ওয়ানডে সিরিজটাও জিতেছে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপের পর মাঝের চার বছরে দুই দলের ৪টি ম্যাচের ৩টিতেই। ২০১৫ সিরিজ থেকে ধরলে ওয়ানডেতে ১১ ম্যাচে দুই দলের লড়াইটা এমন হাড্ডাহাড্ডি যে এ নিয়ে উত্তেজনাকে মোটেই অহেতুক বলে মনে হয় না। মীমাংসাটা তো প্রায় ফটো ফিনিশে। ভারত জিতেছে ৬টি ম্যাচে, ৫টিতে বাংলাদেশ।
বিশ্বকাপে আর কখনো পোর্ট অব স্পেনের পুনরাবৃত্তি হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তো ভারতকে কখনোই হারানো যায়নি। যদিও ভিন্ন একটা বিশ্বকাপ হওয়ার পর টুর্নামেন্টটা ভারতের মাটিতে বলে আলোচনায় ফিরে আসছে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ বলে ২ রান করতে না পারার অব্যাখ্যনীয় ব্যর্থতায় বেঙ্গালুরুতে অবিশ্বাস্য ওই পরাজয়। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ক্যারিয়ারে এখনো যা কালো দাগ হয়ে আছে। ভারতের মাটিতে বিশ্বকাপে ভারতকে হারানোটাকে অসম্ভব কল্পনা বানিয়ে ফেলা স্টার স্পোর্টসের বিজ্ঞাপনও প্রকারান্তরে বেঙ্গালুরুর ম্যাচটাকেই মনে করিয়ে দেয়।
এটাও বুঝিয়ে দেয়, বাংলাদেশ-ভারত এখন শুধুই আরেকটা ক্রিকেট ম্যাচের চেয়েও বেশি কিছু। কে জানে, এই গল্পে কী যোগ করতে যাচ্ছে ১৯ অক্টোবরের পুনে!