প্রায় দুই বছর পর শীর্ষ দশে বাবর

বাবর আজমএএফপি

প্রায় দুই বছর পর টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন বাবর আজম। আজ প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি করে দশম স্থানে উঠে এসেছেন বাবর। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম শীর্ষ দশে ফিরলেন পাকিস্তানি তারকা। ২০২২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে ক্যারিয়ার–সেরা দ্বিতীয় স্থানে উঠেছিলেন বাবর।

পোর্ট অব স্পেনে গত বুধবার শেষ হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। তিন বছরের বেশি সময় পর প্রতিপক্ষের মাঠে এটাই প্রথম টেস্ট জয় পাকিস্তানের। সে জয়ে দারুণ ভূমিকা রাখা বাবর, আবদুল্লাহ শফিক ও সাজিদ খান হালনাগাদ এই র‌্যাঙ্কিংয়ে পুরস্কারটা পেলেন।

আব্দুল্লাহ শফিক
প্রথম আলো

পাকিস্তানের প্রথম ইনিংসে ৮৮ রান করেন বাবর। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রানে ম্যাচ জেতান। শফিক প্রথম ইনিংসে ১৬০ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ইনিংসে ২৪ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান ২৫ ধাপ উন্নতি করে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৩২তম স্থানে উঠে এসেছেন।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট নেওয়া অফ স্পিনার সাজিদ পাঁচ ধাপ উন্নতি করে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাট হাতে মূল্যবান ৩০ রান করায় টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও পাঁচ ধাপ উন্নতি হয়েছে সাজিদের। এখন ৩২তম।

আফগানিস্তান-আয়ারল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের জয়ে ৭১ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করে ১১তম স্থানে উঠে এসেছেন গুরবাজ। এই সিরিজে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হন রশিদ খান। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই আফগান লেগ স্পিনারের সঙ্গে বাকিদের দূরত্ব আরও বেড়েছে। ৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের সঙ্গে ৩৮ পয়েন্টে এগিয়ে শীর্ষে রশিদ।

আরও পড়ুন