নিউজিল্যান্ডের বড় জয়ে বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার

কুশল মেন্ডিসের ড্রেসিংরুমে ফেরাটাই যেন শ্রীলঙ্কার পুরো ইনিংসের প্রতিচ্ছবিএএফপি
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৮/৭। শ্রীলঙ্কা: ২০ ওভারে ১০৭/৮। ফল: নিউজিল্যান্ড ৬১ রানে জয়ী।

ম্যাচের শুরুতে মনে হচ্ছিল, দিনটা বোধ হয় শ্রীলঙ্কারই। কিন্তু শেষ পর্যন্ত আর তা হয়নি। ম্যাচ শেষ হওয়ার আগেই বাড়ির পথ ধরতে হয়েছে শ্রীলঙ্কার সমর্থকদের। ৬১ রানের বড় হারে ঘরের মাঠের টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে তাদের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে।

প্রেমাদাসায় সুপার এইটের ম্যাচে ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কার সামনে ৭ উইকেটে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। ওই রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেলে শ্রীলঙ্কা করতে পেরেছে মাত্র ১০৭ রান!

তাদের অল্পতেই আটকে রাখার মূল কৃতিত্ব নিউজিল্যান্ডের স্পিনার রাচিন রবীন্দ্রের। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন। ২ ওভার করে মাত্র ৩ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন ম্যাট হেনরিও।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে দুজনই উইকেটে থাকতে পেরেছেন একটু বেশি সময়। কিন্তু তাঁরাও রান তোলার গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি। ২৩ বলে খেলে সর্বোচ্চ ৩১ রান করেছেন কামিন্দু মেন্ডিস, সমান বল খেলে ২৯ রান করেছেন দুনিত ভেল্লালাগে।

নিউজিল্যান্ড বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালের আশা
এএফপি

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাও যে খুব ভালো করেছেন, তা নয়। প্রথম ৩ ওভারে ৩০ রান তুলে ফেলার পর হুট করেই তাদের ছন্দপতন ঘটে। ১৩ বলে ২৩ রান করা ফিন অ্যালেনকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন মহিশ তিকসানা।

পাওয়ারপ্লের মধ্যেই তারা হারিয়ে ফেলে আরেক ওপেনার টিম সাইফার্টকেও। কিন্তু মূল ধাক্কাটা তারা খায় ১০ ওভারের পরে গিয়ে। রাচিন রবীন্দ্র, মার্ক  চ্যাপম্যান ও ড্যারিল মিচেল—তিন ব্যাটসম্যানই আউট হন দলের রান যখন ৮৪।

সেই চাপটা তাদের জন্য ছিল আরও অনেকটা সময়। ১৬তম ওভার শেষে তাদের রান ছিল ৯৮। কিন্তু সেখান থেকেই হুট করে ঝোড়ো ব্যাটিং শুরু করেন স্যান্টনার ও ম্যাকনকি। শেষ ৪ ওভারে ৭৮ রান তোলে নিউজিল্যান্ড। ২৪ বলের ১১টিই বাউন্ডারিছাড়া করেন তাঁরা দুজন।

রাচিন রবীন্দ্র পেয়েছেন ৪ উইকেট
এএফপি

শেষ বলে আউট হওয়ার আগে ২৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করেন স্যান্টনার, ২৩ বলে ৩১ রান আসে ম্যাকনকির ব্যাট থেকে। তাঁদের দুজনের জুটির পর বোলাররাও তাঁদের কাজটা ঠিকঠাক করে দেওয়ায় সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড।

দুই ম্যাচে এখন তাদের পয়েন্ট ৩। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই কিউইরা সেমিফাইনালে পৌঁছে যাবে। হেরে গেলেও সম্ভাবনা থাকবে। সে ক্ষেত্রে পাকিস্তানকে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হবে, জিতলেও ব্যবধানটা বড় হওয়া যাবে না।

আরও পড়ুন

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৮/৭ (স্যান্টনার ৪৭, রবীন্দ্র ৩২; তিকশানা ৩/৩০, চামিরা ৩/৩৮)। শ্রীলঙ্কা: ২০ ওভারে ১০৭/৮ (কামিন্দু ৩১, ভেল্লালাগে ২৯; রবীন্দ্র ৪/২৭, ফিলিপস ১/২১)। ফল: নিউজিল্যান্ড ৬১ রানে জয়ী। ম্যাচসেরা: রাচিন রবীন্দ্র।