সেই মার্শ–হেডেই ইংল্যান্ডের ‘মাথাব্যথা’ বাড়ার আভাস

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বড় জুটি গড়ার আভাস দিচ্ছেন মিচেল মার্শ ও ট্রাভিস হেডছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজবাস্টন ও লর্ডস টেস্ট দেখেছে শেষের রোমাঞ্চ। দুই ম্যাচেই তিন ধরনের ফল হওয়ার প্রবল সম্ভাবনা ছিল।

কিন্তু হেডিংলিতে বৃষ্টির বাগড়া কিংবা অন্য কোনো কারণে ওভার নষ্ট না হলে ম্যাচ পঞ্চম দিনে গড়ানো দূরে থাক, শেষ হতে পারে এর অনেক আগেই। দুই দিনেই যে ২৪ উইকেট নেই!

পরশু হেডিংলি টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া ২৬৩ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে তুলেছিল ৬৮ রান। কাল দ্বিতীয় দিন বেন স্টোকসের একার লড়াইয়ে ইংলিশরা করতে পেরেছে ২৩৭।

২৬ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১১৬ রান তুলে দিন শেষ করেছে। সব মিলিয়ে সফরকারীরা এগিয়ে ১৪২ রানে। শেষ বিকেলে মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথের পর সিরিজজুড়ে পথের কাঁটা হয়ে থাকা উসমান খাজাকে ফিরিয়েছে ইংলিশরা। তবু যেন স্বস্তি নেই।

শেষ বিকেলে খাজাকে ফিরিয়েছেন ওকস। তাঁকে অভিনন্দন জানাতে আসেন রুট ও স্টোকস
ছবি : ইসিবি

পঞ্চম উইকেটে জুটি বেঁধে দিনের বাকিটা সময় অনায়াসে পাড়ি দিয়েছেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। তাঁরাই আরেক দফা স্বাগতিকদের ‘মাথাব্যথার’ কারণ হয়ে উঠতে পারেন। প্রথম ইনিংসে ৮৫ রানে ৪ উইকেট হারানোর পর মার্শ–হেডের ১৫৫ রানের জুটিতেই ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো সংগ্রহ পেয়েছিল অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনের জায়গায় সুযোগ পেয়েই মার্শ করেছিলেন ‘বাজবলতুল্য’ সেঞ্চুরি।

এর আগে দিনের দ্বিতীয় বলে জো রুটকে ফেরান প্যাট কামিন্স, এ নিয়ে দশমবার অস্ট্রেলিয়া অধিনায়কের শিকার হলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। লর্ডস টেস্টের শেষ দিন থেকে আলোচিত জনি বেয়ারস্টো ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। স্টোকসের সঙ্গে ৪৪ রানের জুটির পর থামেন মঈন আলী, তাঁকে দ্রুত অনুসরণ করেন ক্রিস ওকসও। অস্ট্রেলিয়াকে তখন উঁকি দিচ্ছিল বড় লিড, ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছিল সিরিজ হার।

আরও পড়ুন

ক্ষণিকের জন্য বাজবল মন্ত্র থেকে সরে এসে মূলধারার টেস্ট খেলতে বাধ্য হয়েছিল ইংল্যান্ড। তাতেও সফল না হওয়ায় ফিরেছে আক্রমণাত্মক কৌশলেই। ৫৫ মিনিট, ৬২ বল, ৯৫ রান, ৩ উইকেট—মধ্যাহ্নভোজ বিরতির পর ইংল্যান্ড ইনিংসের শেষ ভাগের বিবরণটা এমন। একসময় ১৪২ রানে ৭ উইকেট হারিয়েছিল ইংলিশরা। এরপরও স্টোকসের সুবাদে লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিকরা। তবে ব্যক্তিগত ৮০ রানে থাকতে টড মার্ফির বলে ছক্কা মারতে গিয়ে স্মিথের হাতে ধরা পড়েন। অস্ট্রেলিয়ার চেয়ে ২৬ রানে দূরে থাকতে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। কামিন্স নিয়েছেন ৬ উইকেট। আর অ্যাশেজে উইকেটকিপার ছাড়া অন্য ফিল্ডার হিসেবে এক ইনিংসে ৫ ক্যাচ নেওয়া প্রথম খেলোয়াড় হয়েছেন স্টিভেন স্মিথ।

৮০ রানের ইনিংস খেলার পথে স্টোকসের ছক্কা
ছবি : রয়টার্স

আর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নার ১৭তম বারের মতো স্টুয়ার্ট ব্রডের শিকার হয়েছেন। এরপরের ঘটনা তো আগেই বলা হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ২৬৩ ও ৪৭ ওভারে ১১৬/৪

(খাজা ৪৩, লাবুশেন ৩৩, হেড ১৮*, মার্শ ১৭*; মঈন ২/৩৪, ওকস ১/২৮, ব্রড ১/৩৬)

ইংল্যান্ড : ৫২.৩ ওভারে ২৩৭

(স্টোকস ৮০, ক্রলি ৩৩, উড ২৪; কামিন্স ৬/৯১, স্টার্ক ২/৫৯, মার্শ ১/৯)

* ২য় দিন শেষে অস্ট্রেলিয়া ১৪২ রানে এগিয়ে।