পুলিশ কর্মকর্তাকে ম্যানেজার বানিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ছেলেদের জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব থেকে নাভিদ চিমাকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এ খবর জানিয়েছে।
চিমা পাকিস্তান দলের ম্যানেজার হিসেবে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। গত বছর এশিয়া কাপেও পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। এ টুর্নামেন্টে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতের খেলোয়াড়েরা হাত না মেলানোয় তুমুল বিতর্ক হয়েছিল। তবে এবার তিনি দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসবেন না।
জিও সুপার জানিয়েছে, ইরতাজা কুমাইলকে চিমার স্থলাভিষিক্ত করা হবে। ইরতাজা ১৮তম গ্রেডের একজন পুলিশ কর্মকর্তা। দুই বছর আগে পিসিবিতে যোগ দেওয়ার পর কুমাইল জাতীয় দলের নিরাপত্তাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সফরে প্রথমবারের মতো নিরাপত্তা কর্মকর্তা হিসেবে পাকিস্তান দলের সঙ্গে থাকবেন সালমান লিয়াকত। পিসিবি আরও জানিয়েছে, দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সরাসরি ঢাকায় স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশ সফরে আসার আগে দুই দিনের একটি অনুশীলন ক্যাম্পেও অংশ নেবে পাকিস্তান জাতীয় দল। গত বছর নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজের পর এটিই হবে পাকিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ। এর আগে বিসিবির ঘোষণা করা সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।
গত পরশু ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করে পিসিবি। ১৫ সদস্যের এই দলে জায়গা পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দলে রাখা হয়েছে এখনো ওয়ানডে না খেলা ৬ জনকে। নেতৃত্বে শাহিন শাহ আফ্রিদি।