আইপিএলে যে ইতিহাসের সামনে দাঁড়িয়ে সুনীল নারাইন
আর মাত্র ৮টি উইকেট। সেটা পেয়ে যেতে পারেন আইপিএলে এবারের মৌসুমেই। আর তাতেই দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করবেন সুনীল নারাইন। আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক হয়ে যাবেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার।
এক যুগ আগে গায়ানা থেকে আসা সেই উষ্কখুষ্ক চুলের ‘মিস্ট্রি স্পিনার’ যখন প্রথম কেকেআরের বেগুনি-সোনালি জার্সি গায়ে চাপিয়েছিলেন, কে জানত তিনিই হয়ে উঠবেন কলকাতার ঘরের ছেলে! টানা ১৫ মৌসুম একই ফ্র্যাঞ্চাইজিতে।
আইপিএলের এই যুগে, যেখানে দল বদলানো প্রায় নিয়ম, সেখানে কেকেআরের সঙ্গে নারাইনের এ সম্পর্ক একটু আলাদা। অভিষেক মৌসুমেই ২৪ উইকেট নিয়ে কেকেআরকে এনে দিয়েছিলেন প্রথম শিরোপা। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, গৌতম গম্ভীর থেকে শুরু করে দীনেশ কার্তিক, এউইন মরগান, শ্রেয়াশ আইয়ার হয়ে এখন আজিঙ্কা রাহানে—অধিনায়ক বদলেছে বারবার। কিন্তু নারাইন আছেন অবিচল। ১৮৯টি ম্যাচ খেলেছেন কলকাতার হয়ে, যেখানে ক্লাবের অন্য কোনো খেলোয়াড় ১৫০-এর গণ্ডিও পেরোতে পারেননি।
এরই মধ্যে বল হাতে নিয়েছেন ১৯২টি উইকেট, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন একবার, সাতবার ৪ উইকেট। শুধু কি বল হাতে? ব্যাট হাতেও তিনি বোলারদের রাতের ঘুম হারাম করেছেন বহুবার। ১২২ ইনিংসে করেছেন ১৭৮০ রান। আছে ১টি সেঞ্চুরি আর ৭টি ফিফটিও। এই মৌসুমে বল হাতে আর মাত্র ৮টি উইকেট পেলেই প্রথম বিদেশি বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন নারাইন।
আইপিএলের ইতিহাসে এর আগে মাত্র একজনই এই মাইলফলক ছুঁয়েছেন—ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল (২২১ উইকেট)। ভুবনেশ্বর কুমারও ১৯৮ উইকেট নিয়ে এই তালিকার খুব কাছে। কিন্তু কোনো বিদেশি বোলার যা করতে পারেননি, নারাইন এবার হয়তো সেটাই করে দেখাবেন।
একসময় আইপিএলে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ডোয়াইন ব্রাভো। ১৮৩ উইকেট পাওয়া ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার এবার থাকছেন কলকাতায়, তবে খেলোয়াড় হিসেবে নয়, পরামর্শক হয়ে।
২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ আইপিএল অভিযান শুরু করবে কেকেআর। এরপর ২, ৬ ও ৯ এপ্রিল তাদের প্রতিপক্ষ যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।