ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি
ভারতে অনুষ্ঠিত হবে—এমন দুটি বৈশ্বিক টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমান টি–টুয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে বাংলাদেশের ভারতে না যাওয়া ও পাকিস্তান সরকার থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার পরিপ্রেক্ষিতে যে টানাপোড়েন তৈরি হয়েছে, ভবিষ্যতে এমন কিছু এড়াতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে নিয়ন্ত্রক সংস্থাটি।
পরিকল্পনাটি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এ খবর দিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। ২০২৯ সালে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। এর মধ্যে বিশ্বকাপে ভারতের সঙ্গে সহ–আয়োজক হিসেবে আছে বাংলাদেশও।
ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশের সরকার। ভেন্যু পরিবর্তনের অনুরোধ করলে আইসিসি তা আমলে না নেওয়ায় বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপের বাইরে রয়েছে। এর জেরে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিলে বিপাকে পড়ে আইসিসি।
পাকিস্তানের সঙ্গে বিভিন্ন পর্যায়ের অনানুষ্ঠানিক পর্যায়ের আলোচনার একপর্যায়ে লাহোরেও ছুটে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান। পরে পাকিস্তান সরকার অবস্থান পরিবর্তন করলে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় সূচি অনুযায়ীই ভারত–পাকিস্তান মুখোমুখি হয়।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনার ফলে ক্রিকেট প্রশাসকদের মধ্যে বিস্তৃত বিকল্প পরিকল্পনার আলোচনা শুরু হয়েছে। পরিকল্পনার সঙ্গে অবগত দুটি সূত্রের মতে, ভবিষ্যতে বৈশ্বিক আসরে এ ধরনের বিভ্রাট এড়াতে বিকল্প ভেন্যু খোঁজা হতে পারে। ক্রিকেটের আর্থিক শক্তির কেন্দ্র হিসেবে ভারত সম্প্রতি অধিকাংশ বড় টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পেয়েছে, কিন্তু আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে জটিল সম্পর্কের কারণে সেই স্বত্ব পুনর্বিবেচনার কারণ হয়ে উঠতে পারে।
টি–টুয়েন্টি বিশ্বকাপকে নানাভাবে বিপর্যস্ত করা রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ২০২৯ ও ২০৩১ সালে ভারতে অনুষ্ঠেয় বৈশ্বিক টুর্নামেন্টের জন্য ‘অস্ট্রেলিয়াকে বিবেচনা করা হতে পারে’ উল্লেখ করা হয় প্রতিবেদনে।
অস্ট্রেলিয়ায় ২০২৮ সালে টি–টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, যেখানে সহ–আয়োজক হিসেবে নিউজিল্যান্ডও আছে।