টি–টুয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতের দ্বিতীয় জয়
তৃতীয়বারের মতো টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলছে সংযুক্ত আরব আমিরাত। আগের দুই আসরে তাদের জয় ছিল মাত্র একটি। আজ কানাডাকে হারিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেল দলটি।
দিল্লিতে প্রথমে ব্যাট করে কানাডা তোলে ৭ উইকেটে ১৫০ রান। জবাবে আমিরাত ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
গ্রুপ ‘ডি’–তে দুই দলেরই এটি ছিল দ্বিতীয় ম্যাচ। আমিরাত টুর্নামেন্ট শুরু করেছিল নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে। কানাডা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ৫৭ রানে।
আজ দিল্লিতে আমিরাতের জয় আসে আর্যাংশ শর্মা ও শোয়াইব খানের পঞ্চম উইকেট জুটিতে ৮৬ রানের সুবাদে। শোয়াইব ২৯ বলে ৫১ রান করে আউট হলেও আর্যাংশ ৫৩ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন।
এর আগে কানাডার ইনিংসে হার্শ ঠাকুর করেন ৫০ রান, নবনীত ধালিওয়াল যোগ করেন ৩৪। তবে জুনায়ের সিদ্দিকের ঘূর্ণিতে ভেঙে পড়ে কানাডার ব্যাটিং। তিনি মাত্র ৩৫ রানে নেন ৫ উইকেট।
সংযুক্ত আরব আমিরাত টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল ২০২২ সালে। অস্ট্রেলিয়ার মাটিতে নামিবিয়াকে তারা হারিয়েছিল ৭ রানে।
গ্রুপ ‘ডি’–তে এখন ৪ পয়েন্ট করে নিয়ে সেরা দুইয়ে আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।