তামিমের ৩৩৪ রানের রেকর্ডও ভেঙে দিলেন হৃদয়
রেকর্ডের পর রেকর্ড গড়ছেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে তাঁর ট্রিপল সেঞ্চুরিতেই ইতিহাস লেখা হয়ে গিয়েছিল। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি।
এবার আরও একটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন হৃদয়। এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৩৪ রান ছিল তামিম ইকবালের। ২০১৯ সালের বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুরে এই কীর্তি ছিল তাঁর।
দক্ষিণ আফ্রিকায় তাঁর ওই রেকর্ড ছাড়িয়ে গেছেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যান হৃদয়। তিনি ৩৫০ রানে অপরাজিত থাকার সময় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ ‘এ’ দল।
গতকাল সাইফউদ্দিন আউট হওয়ার পর খেলা শেষ হয়। হাতে থাকা ৪ উইকেট নিয়ে আজ শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। দিনের শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। অষ্টম উইকেট যখন পড়ে, হৃদয়ের রান ২২৫।
সেখান থেকে তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন রেজাউর রহমান। তাঁকে নিয়েই ইনিংস ঘোষণা পর্যন্ত টেনেছেন হৃদয়। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৭৬ রান করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ ‘এ’। ৪৮১ বল খেলা হৃদয় ৩৫০ রান আর ১১০ বল খেলা রেজাউর ৩১ রানে অপরাজিত থাকেন।
১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। তবু বাংলাদেশের অবশ্য জয়ের সম্ভাবনা তেমন নেই। কারণ দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার জন্য হাতে পুরো এক সেশনও নেই বোলারদের।