এশিয়ান গেমসে পুরো শক্তির দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ, লিটনই অধিনায়ক
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি–টুয়েন্টি সংস্করণের টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, সহ–অধিনায়ক তাওহিদ হৃদয়।
গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টুয়েন্টি খেলেছে বাংলাদেশ। ওই সিরিজের দলের বেশির ভাগ ক্রিকেটারই আছেন এশিয়ান গেমসের দলে। অধিনায়ক লিটন দাস অবশ্য চোটের কারণে খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে।
প্রায় দেড় বছর পর টি–টুয়েন্টি দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনও। ২০২৫ সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনি সর্বশেষ টি–টুয়েন্টি খেলেছিলেন। এ ছাড়া এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ। জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা নুরুল হাসান নেই এবার, চোটের কারণে নেই দুই পেসার নাহিদ রানা ও আবদুল গাফফার।
এশিয়ান গেমসে ছেলেদের ইভেন্টে ১০টি দল অংশ নেবে। তবে বাংলাদেশ খেলবে সরাসরি কোয়ার্টার ফাইনালে। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা ঠিক হবে প্রথম পর্বে। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে কোনো একটি দলই হবে সেই প্রতিপক্ষ।
কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ দল। সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা। এশিয়ান গেমসের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে বাকি দেশগুলোও।
এশিয়ান গেমসের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।