ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশকে কী করতে হবে

জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হেরে নিজেদের পরিস্থিতি কঠিন করে তুলেছে বাংলাদেশবিসিবি

আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজে গতকাল জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারায় আফগানিস্তান। জিম্বাবুয়ে ম্যাচটি জিতলে ফাইনালে ওঠার পথ সহজ হতো বাংলাদেশের। তখন আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতলেই ফাইনালের টিকিট পেয়ে যেত বাংলাদেশ। জিম্বাবুয়ে অল্প ব্যবধানে হারলে পড়তে হতো কঠিন সমীকরণে। কিন্তু সিকান্দার রাজার দল বড় ব্যবধানে হারায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথটা বাংলাদেশের জন্য একটু সহজ হলো।

পয়েন্ট তালিকায় তাকানো যাক। একটি ম্যাচ জিতে শীর্ষে থাকা আফগানিস্তানের রান রেট ৩.১৬০। ২ ম্যাচে ১ হার ও ১ জয়ে দ্বিতীয় জিম্বাবুয়ের রান রেট–০.৫৯০। একটি ম্যাচ খেলে হেরে তৃতীয় বাংলাদেশের রান রেট –১.৯৮০। ফাইনালে উঠতে আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল প্রাথমিক পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশকে শুধু জিতলেই চলবে না, মেলাতে হবে রান রেটের সমীকরণও। সোজা কথায়, জিম্বাবুয়েকে রান রেটে পেছনে ফেলতে হবে।

প্রথম আলো গ্রাফিকস

আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে আফগানিস্তানকে ৪১ রানে হারাতে পারলেই উঠবে ফাইনালে। বাংলাদেশ লক্ষ্য যেটাই দিক হারাতে হবে ন্যূনতম ৪১ রানে। পরে ব্যাট করলে পাল্টে যাবে হিসাব। ধরে নেওয়া যাক, আফগানিস্তান আগে ব্যাট করে ৩০১ রানের লক্ষ্য দিল বাংলাদেশকে। তখন ৪২.২ ওভারের মধ্যে রান তাড়ায় জিততে হবে বাংলাদেশকে, তাহলে উঠবে ফাইনালে।

আরও পড়ুন

আফগানিস্তান যদি ২৫১ রানের লক্ষ্য দেয়? তখন ফাইনালে উঠতে বাংলাদেশকে জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে। আর ১০১ রানের লক্ষ্য দিলে জিততে হবে ৩৭. ২ ওভারের মধ্যে। তাতে জিম্বাবুয়েকে রান রেটে পেছনে ফেলে ফাইনালে উঠবে বাংলাদেশ। কিন্তু রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলতে না পারলে বাদ পড়বে বাংলাদেশ, ফাইনালে উঠবে জিম্বাবুয়েই।

জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান
এসিবি

ফাইনাল কোনো দলেরই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। আফগানিস্তান রয়েছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। বাংলাদেশের বিপক্ষে প্রাথমিক পর্বে শেষ ম্যাচটি হারলেও শক্তিশালী রান রেটের কারণে ফাইনালে ওঠার সুযোগ থাকবে আফগানিস্তানের। তবে খুব বড় ব্যবধানে হারলে পাল্টে যাবে হিসাব।