পাকিস্তান সরকার ‘না’ বললেও অশ্বিন শতভাগ নিশ্চিত ভারত–পাকিস্তান ম্যাচ হবে

ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনঅশ্বিনের ইনস্টাগ্রাম হ্যান্ডল

পাকিস্তান সরকার ‘না’ বলে দিয়েছে, কিন্তু রশিদ লতিফ ও রবিচন্দ্রন অশ্বিন বলছেন ‘হ্যাঁ।’

খুলে বলা যাক। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই উইকেটকিপারের দাবি, ‘এর সমাধান ইসলামাবাদ ও দিল্লিতে হবে।’

অশ্বিনও রশিদ লতিফের কথায় সুর মিলিয়েছেন, তবে একটু অন্যভাবে। ভারতের সাবেক এই স্পিনার মনে করেন, ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান। আর এই ব্যাপার ঘটবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে। নিজের ইউটিউব চ্যানেলে এমন কথা বলেন অশ্বিন।

অশ্বিন বলেন, ‘শতভাগ নিশ্চিত যে ম্যাচটি হবে। আমি মনে করি পাকিস্তান আগামী চার-পাঁচ দিনের মধ্যে তাদের অবস্থান বদলাবে। আমি নিজেও এই ম্যাচ দেখতে চাই। তারা আর্থিক ক্ষতির সন্মুখীন হতে পারে। সম্প্রচারকেরা প্রচুর অর্থ হারাবে, তাই সমঝোতা হতেই হবে। সব সদস্যই ক্ষতির সম্মুখীন হবে এবং আইসিসির বৈঠকে তারা বলবে, পাকিস্তানের কারণে আমরা এই ক্ষতির সম্মুখীন হয়েছি। পিএসএলে খেলোয়াড়দের ছাড়পত্র না–ও দেওয়া হতে পারে।’

১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের পর পিসিবির সম্ভাব্য শাস্তি পাওয়া নিয়ে অনেক রকম কথাই শোনা যাচ্ছে। যদিও এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আইসিসি শাস্তির বিষয়ে কিছুই বলেনি। তবে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে পিসিবির একটি সূত্র জানিয়েছেন, এই ম্যাচ না খেললে টুর্নামেন্টের অফিশিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে বলে পিসিবিকে সতর্ক করেছে আইসিসি।

আরও পড়ুন

অশ্বিন মনে করেন, টি-টুয়েন্টি বিশ্বকাপে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে না খেলার সিদ্ধান্তটা ‘গ্রহণযোগ্য নয়।’ তাঁর আশা, পিসিবি নিজেদের অবস্থান বদলাবে, ‘পাকিস্তান ও ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। তাই ভেন্যু নিয়ে কোনো সমস্যা নেই। বিশেষ কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলব না বলাটা গ্রহণযোগ্য নয়। আশা করি, শুভচিন্তার জয় হবে এবং এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।’

পাকিস্তানের লাহোরে অবস্থিত পিসিবি কার্যালয়
পিসিবি

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা ও ভারত। সেদিনই মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। একই দিন কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ।

আরও পড়ুন