যে দুই ভুলে ভারতের এমন ভরাডুবি

ছন্দে নেই অভিষেকরয়টার্স

দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হারতেই পারে। তা ভারত যতই ছন্দে থাকুক না কেন! তবে প্রশ্ন উঠছে হারের ব্যবধান নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল ভারতের ৭৬ রানের এই হার তাদের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে।

কেন ভারত এভাবে হারল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে অনেকে। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ভারতের দুটি ভুল খুঁজে বের করেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন দাবি করেছেন, অক্ষর প্যাটেলকে একাদশে না নেওয়া ও রিংকু সিংকে আট নম্বরে পাঠানোকে ভারতের ভুল হিসেবে দেখছেন। কাল ম্যাচআপ কৌশলকে গুরুত্ব দিয়ে অক্ষরকে একাদশের বাইরে রাখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারতের স্পিনার অক্ষর প্যাটেল
এএফপি

অশ্বিন বলছেন, এসব সিদ্ধান্ত আইপিএলেই কার্যকর, বিশ্বকাপের মতো আসরে নয়। তিনি বলেছেন এভাবে, ‘আমি মানি যে আইপিএল ম্যাচআপের জন্য ভালো, সেখানে ১৪টি ম্যাচ খেলতে হয় বলে দল এদিক–সেদিক করতে হয়। কিন্তু এমন আইসিসি টুর্নামেন্টে যত বেশি সম্ভব দলকে স্থিতিশীল রাখা উচিত। আমি শতভাগ একমত যে বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরকে ব্যবহার করতে হবে; তাকে খেলানো উচিত, এতে আমি একমত। কিন্তু অক্ষর প্যাটেল টি-টুয়েন্টি ক্রিকেটে আপনার সবচেয়ে মূল্যবান ক্রিকেটার। অক্ষর প্যাটেল কী করেছেন, তা ভুলে যাওয়া ঠিক হবে না।’

আরও পড়ুন

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্ষর বিরাট কোহলির সঙ্গে ৭২ রানের জুটি গড়েছিলেন, করেছিলেন ৪৭ রান। সেদিন ভারত ৩৪ রানে ৩ উইকেট হারিয়েছিল।

রবিচন্দ্রন অশ্বিন
এএফপি

সেই কথা মনে করিয়ে দিয়েছেন অশ্বিন, ‘আগের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই পরিস্থিতিতে অক্ষর মাঠে নেমেছিল। সে বিরাট কোহলির সঙ্গে জুটি গড়ে ভারতকে ১৭০ পার করায়। অবশ্যই কোহলির অভিজ্ঞতা ছিল, কিন্তু অক্ষর কোনো অংশে কম নয়। আজ (কাল) ভারতের হাতে যদি কয়েকটি উইকেট থাকত এবং মাঝের ওভারে স্থিতিশীলতা থাকত, তবে তারা লক্ষ্য তাড়া করে জিততে পারত।’

রিংকু সিংকে আট নম্বরে পাঠানো নিয়ে অশ্বিন বলেছেন, ‘রিংকু সিং আট নম্বরে ব্যাট করছে। আপনার দলে আটজন ব্যাটসম্যান, আর এরমধ্যে রিংকু ব্যাট করছে আট নম্বরে, এভাবে তাকে নামানো যায় না। ওয়াশিংটন সুন্দরের প্রতি অসম্মান করছি না। ও দারুণ ব্যাটসম্যান, আমরা ওর ব্যাটিং দক্ষতা জানি। দক্ষিণ আফ্রিকা ভারতকে একটি শিক্ষা দিয়েছে—“দয়া করে প্রস্তুতি ছাড়া ম্যাচ খেলতে নামবে না।”’

আরও পড়ুন