জুনেই হবে বিসিবির নির্বাচন, জানালেন তামিম

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়প্রথম আলো

৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেদিনই তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি। তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের দায়িত্ব তাদের।

দায়িত্ব পাওয়ার পর গত কয়েক দিন তামিমের অ্যাডহক কমিটি নিয়মিত কাজগুলোই করেছে। তবে জানা যাচ্ছিল না তাদের আসল যে দায়িত্ব, বিসিবির সেই নির্বাচনটা কবে হবে?

আজ বিসিবি সভাপতি তামিম ইকবাল দিলেন উত্তরটা। বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, জুনের প্রথম, সর্বোচ্চ দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

আগামী ৭ জুলাই পূর্ণ হবে অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমিনুলের নেতৃত্বে নির্বাচিত হন ২৫ পরিচালক।

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে মাঠে বিসিবি সভাপতি তামিম ইকবাল
শামসুল হক

এদিকে তামিম আজ সাংবাদিকদের আন্তর্জাতিক ম্যাচের সময় বল বয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি না কখন এটা বন্ধ হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকে বল বয় থাকবে।’

এ সময় নিজের বল বয় থাকার সময়ের স্মৃতিও মনে করেন বিসিবি সভাপতি, ‘আমার মনে আছে যখন এমসিসি আর ভারত ২০০৪ সালে বাংলাদেশে সফর করল, তখন আমি বল বয় ছিলাম। এটা খুব ভালো একটা ব্যাপার।’

আরও পড়ুন