ভালোমতো খাওয়াদাওয়া করুন, ঘুমান—‘হ্যান্ডশেক’ প্রশ্নে ভারত অধিনায়ক

সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আজ কলম্বোয়এএফপি

প্রস্তুতি, কৌশল, একাদশ, ফল—ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে সাধারণত এসব বিষয় নিয়েই বেশি প্রশ্ন হয়। তবে আগামীকালের ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে আলোচনায় জায়গা করে নিয়েছে একটি সাধারণ সৌজন্যমূলক আচরণও—‘হ্যান্ডশেক’ বা করমর্দন। আজ কলম্বোয় পাকিস্তান অধিনায়ক সালমান আগার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সংবাদ সম্মেলনেও হয়েছে ‘হ্যান্ডশেক’ নিয়ে প্রশ্ন।

গত সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতীয়দের হাত না মেলানোর ঘটনায় সূর্যকুমারই নেতৃত্ব দিয়েছিলেন। যা পরবর্তী সময়ে নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং রাইজিং স্টারস এশিয়া কাপের ভারত–পাকিস্তান ম্যাচেও দেখা গেছে।

কলম্বোয় আজ ভারতীয় দলের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন সূর্যকুমার। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয় এবার ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা হাত মেলাবেন কি না।

উত্তরে সূর্যকুমার সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি। বরং বেশ মজার ছলে রহস্য বজায় রেখে তিনি বলেন, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভালোমতো খাওয়াদাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা আগামীকালই দেখব।’

সূর্যকুমার যাদব
এএফপি

গত এশিয়া কাপে তিন ম্যাচ খেলে কোনোটিতেই টসের সময় দুই অধিনায়ক আর ম্যাচের শেষে দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাননি। দুই দেশের বৈরিতার নতুন দৃষ্টান্ত হয়ে ওঠা বিষয়টির এবার অবসান হতে যাচ্ছে কি না—এমন কৌতূহল থেকে একাধিক সাংবাদিকই হাত না মেলানোর প্রসঙ্গটি তুলেছেন।

আরও পড়ুন

একই বিষয়ে বারবার প্রশ্ন শুনতে হওয়ায় একপর্যায়ে খানিকটা বিরক্তি মেশানো স্বরে ভারত অধিনায়ক বলেন, ‘রহস্যটা আগামীকালই ভাঙা যাক। আমি তো এইমাত্র এটা নিয়ে বললাম। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনারাই বলুন। খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি। টসের সময় হ্যান্ডশেক হবে কি হবে না, সেটা আমরা আগামীকাল দেখব। শুধু ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।’

এর কয়েক ঘণ্টা আগে পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে একই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ক্রিকেট তার নিজস্ব চেতনাতেই খেলা উচিত। তিনিও অপেক্ষা করতে বলেন, ‘ভারত কী করতে চায়, তার পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। আমরা আগামীকালই সেটা দেখতে পাব।’

আরও পড়ুন