ভারত–পাকিস্তান ম্যাচ: হোটেলে জায়গা নেই, টিকিটের দাম চার গুণ বেশি, ভাঙতে পারে দর্শকের রেকর্ড
ভারত-পাকিস্তান ম্যাচ এমনিতেই ক্রিকেটে সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই। কারও কারও চোখে ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার শীর্ষবিন্দুও এ ম্যাচ। টি-টুয়েন্টি বিশ্বকাপে এ ম্যাচকে ঘিরে এবার যে আবহ, তাতে এটা স্পষ্ট যে গোটা ক্রিকেট-বিশ্বের চোখ সেঁটে থাকবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
রাজনৈতিক কারণ এবার এই ম্যাচ নিয়ে সবার আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া, সেটাকে অন্যায় মনে করে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া এবং তারপর কূটনীতির টেবিলে ম্যাচ নিয়ে শঙ্কা দূর হলেও এত সব ঘটনা এ ম্যাচকে পরিণত করেছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বার্তা সংস্থা এএফপিকে সূত্র জানিয়েছে, কলম্বোর ৩৫ হাজার আসনের প্রেমাদাসা স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কালোবাজারে ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে চার গুণ বেশি দামে।
ধারণা করা হচ্ছে, রোববার সন্ধ্যায় শুরু হতে যাওয়া ম্যাচটি টিভিতে দর্শকের সব রেকর্ড ভেঙে দিতে পারে। এমনিতেই প্রচলিত ধারণা হলো, এই ম্যাচ ১০০ কোটির বেশি মানুষ দেখে। যদিও আইসিসির যাচাই করা পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শকের দেখা ম্যাচটি ২০১১ বিশ্বকাপের ফাইনাল। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সেই ম্যাচে ‘ইউনিক’ (একটি নির্দিষ্ট সময় দেখেছে) দর্শকসংখ্যা ছিল ৫৫ কোটি ৮০ লাখ। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের ম্যাচটি এ তালিকায় দ্বিতীয়। ৪৯ কোটি ৫০ লাখ দর্শক দেখেছে সেই ম্যাচ।
এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের এই দ্বৈরথ দেখতে কলম্বোয় ভিড় জমিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাজারো ক্রিকেটপ্রেমী কলম্বোয় ভিড় করায় সেখানকার ফ্লাইটের ভাড়া এবং হোটেল বুকিংয়ের দাম হঠাৎ বেড়ে গেছে। বেশির ভাগ হোটেলের ভাড়া দ্বিগুণ। বিভিন্ন বুকিং সাইটে দেখা গেছে, সাধারণত এক রাতের হোটেলভাড়া ১০০ থেকে ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার ৩৪৬ টাকা) হলেও এখন তা বেড়ে সর্বোচ্চ ৬৬০ ডলার (প্রায় ৮০ হাজার ৭২২ টাকা) পর্যন্ত হয়েছে।
কলম্বোর তিনটি ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে ম্যাচটি চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তের বুকিংয়ের কারণে চেন্নাই ও দিল্লির মতো বড় শহরগুলো থেকে কলম্বোগামী ফ্লাইটগুলোতেও আসন প্রায় ফাঁকা নেই। চেন্নাই থেকে কলম্বোর দূরত্ব মাত্র দেড় ঘণ্টার হলেও ফ্লাইটের ভাড়া বেড়েছে তিন গুণের বেশি। ফ্লাইটের ভাড়া এখন ৬২৩ থেকে ৭৫৬ ডলারের মধ্যে (প্রায় ৯২ হাজার ৪৬৪ টাকা)। দিল্লি থেকে ফ্লাইটের ভাড়া বেড়েছে ৫০ শতাংশের বেশি, যা এখন প্রায় ৬৬৬ ডলার (প্রায় ৮১ হাজার ১৫৬ টাকা)।
শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (এসএলএইটিও) সভাপতি নালিন জয়াসুন্দেরা বলেন, হোটেলগুলোয় আসন ফাঁকা নেই, বুকড। তাঁর ভাষায়, ‘বেশির ভাগ দর্শকই প্যাকেজে আসছেন, যার দাম টিকিট, হোটেল ও ফ্লাইটের ওপর নির্ভর করে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার (প্রায় ২ লাখ ৪৪ হাজার ৬১৪ টাকা) বা তারও বেশি হতে পারে।’
প্রাচীন মন্দির, সমুদ্রসৈকত ও সবুজ চা-বাগানের জন্য বিখ্যাত শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রা আয়ের তৃতীয় বৃহত্তম খাত হলো পর্যটন। দেশটি সাম্প্রতিক ভয়াবহ আর্থিক সংকট ও ঘূর্ণিঝড়ের ধাক্কা কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে রয়েছে। ওই ঘূর্ণিঝড়ে প্রাণ গেছে ৬৫০ জনের। এমন পরিস্থিতিতে আরও বেশি খেলাধুলার আয়োজন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। শ্রীলঙ্কা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম রয়টার্সকে বলেন, ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে শ্রীলঙ্কায় আসা ১ লাখ পর্যটকের প্রায় ২০ শতাংশই এসেছেন ভারত-পাকিস্তান ম্যাচটি দেখতে।
হেওয়াসাম আরও বলেন, ‘স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে নিরপেক্ষ ক্রিকেট ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার ওপর আস্থা বাড়ছে। ভারত, পাকিস্তান বা বাংলাদেশ-দক্ষিণ এশিয়ার সব দেশের জন্যই এটি একটি ইতিবাচক বার্তা যে তারা শ্রীলঙ্কায় এসে ক্রিকেট খেলতে পারে।’
লাহোরে মিঁয়া সুলতান নামের এক ক্রিকেটপ্রেমীর সঙ্গে কথা বলেছে রয়টার্স। বন্ধুর সঙ্গে বসে ম্যাচটি দেখতে সামনের সারির আসনের জন্য তিনি খরচ করেছেন ৮০০ ডলার (প্রায় ৯৭ হাজার ৮৪৫ টাকা)। সুলতানের ভাষায়, ‘এটা হবে দারুণ এক অভিজ্ঞতা।’
প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ‘এ’ গ্রুপে দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। আগামীকালের ম্যাচে জয়ী দল উঠবে সুপার এইটে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ এখন শুধু বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়, তা–ও নিরপেক্ষ ভেন্যুতে।
ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ টেস্ট ম্যাচ হয়েছে ১৮ বছরের বেশি সময় আগে। আর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দুই দলের মধ্যে কেউ সর্বশেষ সীমান্ত পাড়ি দিয়েছে ১৩ বছর আগে।